যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়া বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ 

আপডেট : ১৭ মে ২০২৪, ০১:২৯ পিএম

যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বড় রকমের দুঃসংবাদ দিয়েছে ইউরোপের এই দেশটির সরকার। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। চুক্তির আওতায় যাঁদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে, যাঁরা বিদেশি অপরাধী ও যাঁদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে, তাঁদের ‘ফাস্ট-ট্রাক’(দ্রুত) পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। চলতি সপ্তাহে লন্ডনে দুই পক্ষের মধ্যে চুক্তিটি হয়। 

গত বছর প্রায় ১১ হাজার বাংলাদেশি ছাত্র, ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্য এসে এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেন। এসব আবেদনের ৯৫ শতাংশ খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া আশ্রয়প্রার্থীদের এখন নতুন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

যুক্তরাজ্যের অবৈধ অভিবাসনবিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেছেন, অবৈধভাবে লোকজনের এখানে আসা ও থাকা ঠেকাতে তাঁদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ অপসারণ ত্বরান্বিত করা। যুক্তরাজ্যের একটি মূল্যবান অংশীদার বাংলাদেশ। এটা একটা চমৎকার ব্যাপার যে এই বিষয়সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের সঙ্গে তাঁরা সম্পর্ক জোরদার করছেন।

গত মাসে প্রকাশ্যে আসা অফিসিয়াল ডকুমেন্টস অনুযায়ী, ২০২৩ সালের মার্চ পর্যন্ত রেকর্ড ২১ হাজার ৫২৫ জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেন। যা আগের বছরের তুলনায় ১৫৪ শতাংশ বেশি। এর মানে যুক্তরাজ্যের ভিসা নিয়ে প্রবেশকারী প্রতি ১৪০ জনের মধ্যে একজন দেশটিতে আশ্রয়ের আবেদন করেছে।

ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় আবেদনকারীদের মধ্যে সবার ওপরে রয়েছে পাকিস্তানিরা। পাকিস্তানের প্রায় ১৭ হাজার ৪০০ জন নাগরিক দেশটিতে আশ্রয়ের আবেদন করেছেন। এরপরই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশি আশ্রয় আবেদনকারীর সংখ্যা প্রায় ১১ হাজার। ভারতের ৭ হাজার ৪০০ জন, নাইজেরিয়ার ৬ হাজার ৬০০ জন এবং আফগানিস্তানের রয়েছে ৬ হাজার জন আবেদন করেছেন দেশটিতে আশ্রয়ের।

সূত্র: দ্য টেলিগ্রাফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত