মোবাইলে ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:২০ এএম

মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা সবচেয়ে বেশি পিছিয়ে। ইন্টারনেট ব্যবহারে বড় বাধা হিসেবে আর্থিক সামর্থ্যরে অভাবের পাশাপাশি রয়েছে নিরাপত্তা ভয়, শিক্ষা ও ডিজিটাল দক্ষতার অভাব এবং ডেটা প্যাকেজের বাড়তি দাম অন্যতম। তবে নারী ও পুরুষ উভয়ই অনলাইন কল, ভিডিও কল এবং অনলাইনে বিনোদনের জন্য মোবাইল ফোনে ইন্টারনেট বেশি ব্যবহার করেন।

মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বৈশি^ক সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) চলতি মাসে ‘দ্য মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৪’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নারীরা ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে ভালোই জানেন, এমনকি তাদের ইন্টারনেট ব্যবহারে আগ্রহ পুরুষের চেয়ে বেশি হলেও ইন্টারনেট সেবা গ্রহণে পিছিয়ে রয়েছেন তারা। নারীদের মধ্যে ২৪ শতাংশ মোবাইল ফোনে ইন্টারনেট সেবা নেন। অন্যদিকে পুরুষের ইন্টারনেট ব্যবহারের হার ৪০ শতাংশ। এ হার ভারতে ৫৩ ও ৩৭ শতাংশ; ইন্দোনেশিয়ায় ৬৯ ও ৬৩ শতাংশ; পাকিস্তানে ৫৩ ও ৩৩ শতাংশ। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে জানেন দেশের ৩৭ শতাংশ পুরুষ। নারীর মধ্যে এ হার ২১ শতাংশ।

নিম্ন ও মধ্যম আয়ের ১২টি দেশ মিসর, ইথিওপিয়া, কেনিয়া, সেনেগাল, নাইজেরিয়া, উগান্ডা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, গুয়াতেমালা ও মেক্সিকোর ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। জরিপটি চালানো হয় গত বছর। জরিপে ভারত বাদে বাকি ১১টি দেশে ১৫ বছর ও এর বেশি বয়সের ১ হাজার নারী ও পুরুষের তথ্য নেওয়া হয়েছে। ভারতে ২ হাজার জনের ওপর জরিপ চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ৮৫ শতাংশ পুরুষ ও ৬৮ শতাংশ নারী মোবাইল ফোনের মালিক। বাংলাদেশের ৫০ শতাংশ নারী ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে জানেন, কিন্তু ব্যবহার করেন না।

তবে বৈশি^কভাবে ইন্টারনেট ব্যবহারে নারীদের অবস্থার উন্নতি হয়েছে। এ-সংক্রান্ত নারী-পুরুষের ব্যবধান গত বছর ১৯ থেকে ১৫ শতাংশে নেমেছে।

বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর ২৪ শতাংশ নারী এবং ১৫ শতাংশ পুরুষ প্রতিবন্ধকতা হিসেবে ডেটা প্যাকেজের বাড়তি দামের বিষয়টি চিহ্নিত করেছেন। মোবাইলে ইন্টারনেট ব্যবহার না করার কারণ হিসেবে সাক্ষরতা ও ডিজিটাল দক্ষতার অভাবের কথা উঠে এসেছে, যা পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। এ ছাড়া সামর্থ্য না থাকাও বড় একটি বাধা। কারণ মোবাইল ফোনের দাম বেশি। ইন্টারনেটের বাড়তি দামও বাধা হিসেবে ভূমিকা রাখছে; বিশেষ করে বাংলাদেশ, কেনিয়া, নাইজেরিয়া ও উগান্ডায় মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ডেটা প্যাকেজের বাড়তি দাম বড় একটি সমস্যা।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পুরুষের ৫৫ ও নারীর ৪৫ শতাংশ অনলাইনে খবর পড়েন। পুরুষের ২৩ ও নারীর ১২ শতাংশ চাকরি ও ব্যবসাসংক্রান্ত তথ্য অনলাইনে খোঁজেন। তবে কৃষিসংক্রান্ত তথ্য খোঁজায় ইন্টারনেট সবচেয়ে কম ব্যবহৃত হয়।

জিএসএমএ বলছে, ইন্টারনেট ব্যবহার করে নেতিবাচক ঘটনার শিকার হওয়ার বিষয়ে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি অভিযোগ করেন। অনলাইনে নিরাপদ থাকার বিষয়ে প্রাথমিকভাবে দক্ষ, এমন পুরুষ দেশে ৭৪ ও নারী ৬৫ শতাংশ। বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী নারীর ৫৩ ও পুরুষের ৪৬ শতাংশ আরও বেশি ইন্টারনেট ব্যবহার করতে চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত