সংসদ ভবন এলাকায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:৪০ এএম

জাতীয় সংসদ ভবন এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচি শেষে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়। কী নিয়ে গণ্ডগোল, সেটি জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দুই দফা মারামারি হয়। তখন মেহেদী হাসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সজীব দে আরও জানান, মেহেদী চলতি বছর এসএসসি পাস করেছে। সে তার পরিবারের সঙ্গে ভাটারা এলাকায় বসবাস করত।

স্থানীয়রা জানান, শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ঢাকা  উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফোরকান হোসেনের লোকজনের হামলায় মেহেদী হাসান নিহত হয়েছে। নিহতের মামা চয়ন বলেছেন, ‘তারা ফোরকানের লোকজনের বিরুদ্ধে মামলা করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত