আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ দিনে শিরোপার ফয়সালা। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সামনে টানা চার লিগ শিরোপা জিতে ইতিহাস গড়ার সুযোগ। তবে আজ ওয়েস্ট হ্যামের বিপক্ষে পা হড়কালেই শিরোপা মিস হয়ে যেতে পারে সিটির।
যদি ম্যানসিটি নিজেদের ম্যাচে হারে বা ড্র করে আর গানার্সরা হারায় এভারটনকে, শিরোপা জিতবে মিকেল আর্তেতার দল আর্সেনাল।
ম্যানসিটি ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, সমান ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
ইতিহাস অবশ্য সিটির পক্ষেই কথা বলছে। গত ২৫ বছরে শীর্ষে থাকা সব দলই শিরোপা নির্ধারণের শেষ দিনে চ্যাম্পিয়ন হয়েছে। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দল শেষ দিনে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সবশেষ ১৯৮৮-৮৯ মৌসুমে। সেই দলটার নাম আর্সেনাল।
আর্সেনাল পয়েন্ট হারিয়ে সিটির কাজ সহজ করে দেবে কি এমন প্রশ্নের উত্তরে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, 'যদি মনে করেন, আপনি ওদের (আর্সেনালের) পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকবেন এবং চ্যাম্পিয়ন হবেন, তাহলে আপনি ভুল।'
গার্দিওলা মনে করছেন ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে, আর তাই সেভাবেই প্রস্তুতি নিয়েছে তার দল। 'আমি কঠিন এক ম্যাচের জন্য প্রস্তুত। আমি খেলোয়াড়দের বলেছি, ওয়েস্ট হ্যাম আমাদের হারাতে প্রস্তুত থাকবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ২ বছর আগে অ্যাস্টন ভিলাও সেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা জানি ওই ম্যাচে কী হয়েছিল। আমরা প্রথম মিনিট থেকেই সমর্থকদের পাশে চাই এবং (এবারও) একসঙ্গে কাজটা করতে চাই।'
বর্তমানে ওয়েস্টহ্যামের কোচ ডেভিড ময়েস। তাকে নিয়ে নিজের ভাবনার কথা জানান গার্দিওলা। প্রিমিয়ার লিগে গার্দিওলার সিটির হয়ে প্রথম ম্যাচ ছিল সান্ডারল্যান্ডের বিপক্ষে। সেই সময় স্যান্ডারল্যান্ডের কোচ ছিলেন ময়েস।
গার্দিওলা বলেন, 'সান্ডারল্যান্ডের বিপক্ষে আমার প্রথম ম্যাচের কথা মনে আছে। ডেভিড ময়েস তখন সান্ডারল্যান্ডের কোচ ছিলেন। সেটা প্রিমিয়ার লিগেও আমার প্রথম ম্যাচ ছিল। এবার গুরুত্বপূর্ণ ম্যাচের দিনেও তিনি থাকছেন। তিনি মানুষ হিসেবে চমৎকার, তাকে কাছ থেকে দেখা দারুণ ব্যাপার। আমাদের হারিয়ে দিতে তিনি সম্ভাব্য সবকিছু করতে চাইবেন।'
ম্যানচেস্টার সিটিকে কী করতে হবে ম্যাচে এমন প্রশ্নের উত্তরে গার্দিওলা বলেন, 'অবশ্যই পারফর্ম করতে হবে। বাজে মুহূর্ত এলেও প্রাণবন্ত থাকতে হবে। ফলাফল কী হতে চলেছে এ নিয়ে আলোচনা করা যাবে না। জিততে হলে খেলাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে।'
গার্দিওলা ভালো করেই জানেন ভাগ্য তাদের নিজেদের হাতে। তাই অন্যকিছু চিন্তা না করে তাদের লক্ষ্য নিজেদের ম্যাচটা জেতা।
