পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়ে থাকে তার আলোকেই দায়িত্ব পালন করে পুলিশ। অতীতেও পুলিশ সদস্যরা দক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করেছে এবং সবার কাছে প্রশংসা কুড়িয়েছে।’
গতকাল রবিবার সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও কনফারেন্স রুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে পুলিশ সফল হয়েছে। সারা দেশে জঙ্গিরা একদিনে ৬৩ জেলায় জঙ্গি হামলা করে তাদের সক্ষমতা দেখিয়েছিল। তাদের সেই ধৃষ্টতা ও অবস্থান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জঙ্গি পুরোপুুরি নির্মূল করেছি এ কথা আমরা বলব না। যেকোনো অপরাধই নির্মূল করা হয়তো সম্ভব নয়। তবে জঙ্গিবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পুলিশ সক্ষম হয়েছে।
দুপুরে সিলেটে পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন পুলিশপ্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
