রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

  • যুক্তরাষ্ট্রের তৈরি বেল-২১২ মডেলের হেলিকপ্টারে ছিলেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান খাত এতটা উন্নত নয় 
আপডেট : ২০ মে ২০২৪, ১১:১৮ এএম

ক্রমেই ফিকে হয়ে উঠছে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বেঁচে থাকার সম্ভাবনা। ইতিমধ্যে সোমবার ভোরে খোঁজ মিলেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, সম্পূর্ণ পুড়ে গেছে হেলিকপ্টারটি, সেখানে কোন ‘জীবনের চিহ্ন’ নেই।

এবার জানা গেল, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার ইরনার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তারা যুক্তরাষ্ট্রের তৈরি বেল-২১২ মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন। হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের। এতে পাইলটসহ ১৫ জন বসতে পারেন।

অন্যদিকে বিবিসিও এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি করা বেল-২১২ মডেলের হেলিকপ্টারে ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান খাত এতটা উন্নত নয় বলছে বিবিসি।

গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সাথে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তারা। ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত