এবারের কোপা আমেরিকায় প্রতিটি দলের স্কোয়াড সংখ্যা কত হবে সে নিয়ে সিদ্ধান্তের আগেই দল ঘোষণা করেছিল ব্রাজিল। দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থার (কনমেবল) ২৩ থেকে বাড়িয়ে ২৬ জনের স্কোয়াডের সিদ্ধান্ত নেয়। এ অনুমোদনের পর নিজেদের কোপা আমেরিকার স্কোয়াডে তিন জন বাড়তি খেলোয়াড় নিয়েছে ব্রাজিল। সেই সঙ্গে চোটে পড়া গোলকিপার এডেরসনের বদলি হিসেবে আরেকজন গোলকিপারকে দলে ভিড়িয়েছেন দরিভাল জুনিয়র।
রোববার জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমার, আতলান্টার মিডফিল্ডার এডারসন ও পোর্তোর ফরোয়ার্ড পেপেকে দলে নিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। এডেরসনের জায়গায় সুযোগ পেয়েছেন সাও পাওলোর রাফায়েল।
গেল সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে ধাক্কা লেগে চোখের পাতায় আঘাত পান এডেরসন। ব্রাজিলের প্রথম পছন্দের গোলকিপার তাই মিস করছেন কোপা।
চলতি মাসের শুরুতে ২৩ জনের স্কোয়াড দেয় ব্রাজিল। সেখানে ১৭ বছরের এনদ্রিক থাকলেও জায়গা হয়নি ক্যাসেমিরো গ্যাব্রিয়েজ জেসুস, রিচার্লিসনের মতো তারকাদের। ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রকাশিত ভিডিওতে দরিভাল বলেন, 'ডাক পাওয়া প্রতি খেলোয়াড়কে শুরুর একাদশে জায়গা পেতে হলে সমানভাবে লড়াই করতে হবে।'
নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। ২৮ জুন প্যারাগুয়ে ও ২ জুলাই কলম্বিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে অন্যতম ফেভারিটরা। আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলবে কোপা আমেরিকার লড়াই।
কোপার আগে ৮ জুন মেক্সিকো ও ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।
