আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম ওলামাদের ব্যবহার করেন না, তাদের জন্য কাজ করেন। তিনি ১ লাখ ২০ হাজার মসজিদ ভিত্তিক মক্তব তৈরি করেছেন। পৃথিবীর কোনো দেশে একসঙ্গে সরকারি অর্থে এত দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হয়নি।
আজ সোমবার দুপুরে আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় তিনি এই কথা বলেন।
ওলামা লীগের সভাপতি কে এম আব্দুল মমিন সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আমিনুল হক।
ধর্মের নামে ওলামা লীগে ধর্ম ব্যবসা চলবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে দলের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলতে হবে। শেখ হাসিনার সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইলে যা খুশি বলবেন এই রকম লোকের দরকার নেই।
ওলামা লীগের ইতিহাস আওয়ামী লীগের জন্য খুব সুখকর নয় বলেও মন্তব্য করে বলেন, অতিতে যা দেখেছি, কারও সঙ্গে কারও মিল নাই। নেতায় নেতায় বিভেদ। দলের আদর্শ পরিপন্থী সাম্প্রদায়িক বক্তব্য দিতে দেখছি অনেককে। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেউ এমন উচ্চারণ করবে, সেটা আমি আশা করি না। নেতায় নেতায় বিভেদ আর চাই না। সত্যিকারের ওলামা দিয়ে এই সংগঠন গঠন করতে হবে। কোনো টাউট–বাটপার যেন অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যের কারণে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধুমাত্র ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন। তবে ২২টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, আমরা নতুন নীতিমালা নিয়ে আসছি। জীবিকা আগে না জীবন আগে। যদি ট্রাক ও বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয় তাহলে বাসের কারো কিছু হয় না। ইজিবাইকের ড্রাইভারসহ দশ থেকে বারো জন যাত্রীর সবাই নিহত হন। এই অবস্থায় ২২টি মহাসড়কে আমরা ইজিবাইক বন্ধ করেছি।
সেতুমন্ত্রী বলেন, বিআরটিএ-কে আমি বলেছি, এদের (অটোরিকশা চালক) প্রতিনিধিদের ডাকবেন, কথা বলবেন। ড্রাইভারদের ট্রেনিং দিতে হবে এবং গাড়ির সাইজ একটা নিয়মের মধ্যে আনতে হবে। গাড়ির সাইজ, চাকা এগুলো যেন বাস্তবসম্মত হয়। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিআরটিএ সবাইকে পৌঁছে দেবে এবং কার্যকর ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারে প্রাণ গেল ইব্রাহিম রাইসির
বাগদান সেরেছেন ‘বাহুবলী’ খ্যাত আনুশকা, পাত্র কে?