গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর শিক্ষক কর্মীকে তিন দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) সকাল সড়ে ১১টার দিকে গোসিংগা ইউনিয়নের গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এক প্রার্থীর পক্ষে ভোটারদের কৌশলে জোর করে ভোট প্রয়োগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ সাজা প্রদান করেন।
তিন দিনের সাজা প্রাপ্ত (জেল) কর্মীর নাম কামাল হোসেন খান (৪৫)। তিনি গোসিংগা পূর্বপাড়া গ্রামের ফাইজুদ্দীন হোসেন খানের ছেলে। কামাল হোসেন খান রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করছিলেন কামাল হোসেন খান। চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু এ সাজার রায় ঘোষণা করেন।
গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কর্তব্যরত প্রিজাইটিং অফিসার মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোট কেন্দ্রে ঢুকে জোর করে এক প্রার্থীর পক্ষে ভোটারদের ভোট প্রয়োগের চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত ওই প্রার্থীর একজন কর্মীকে তিন দিনের সাজা (জেল) প্রদান করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা জানান, সব মিলিয়ে নির্বাচনে এখনো বেশ শান্তিপ্রিয়ভাবে ভোট গ্রহণ চলছে। তবে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এরি মধ্যে এক প্রার্থীর এক কর্মীকে ভ্রাম্যমাণ আদালত ৩ দিনের জেল দিয়েছেন।
উপজেলা নির্বাচন: ইউপি আ.লীগের সভাপতিকে ৬ মাসের জেল
প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭-৮ শতাংশ: ইসি অতিরিক্ত সচিব