উপজেলা নির্বাচন: ইউপি আ.লীগের সভাপতিকে ৬ মাসের জেল

আপডেট : ২১ মে ২০২৪, ০২:১০ পিএম

বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক আওয়ামী লীগ নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) দুপুরে চিতলমারী উপজেলার কলাতলা ভোটকেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আছাদুল ইসলাম এই আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত প্রফুল্ল কুমার মন্ডল উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। উপজেলা নির্বাচন বিধিমালা-২০১৩ এর ৩ (০২) ধারায় তাকে ওই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের পর ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি চরবানিয়ারি এলাকার প্রয়াত আদিত্য মন্ডলের ছেলে।

চিতলমারী উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের পক্ষ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দিকির এজেন্টকে গালিগালাজ করা ও প্রার্থীর বিষয়ে বাজে কথা বলায় এই সাজা দেওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো সমস্যা পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিতলমারীতে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে প্রফুল্ল কুমার মন্ডল নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও কোথাও কোন সমস্যা পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৩ উপজেলা ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার ১২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত