ফেনীতে নছিমন উল্টে জাকির হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার বাসিন্দা এবং পেশায় শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুতের এক ঠিকাদারের নিয়োজিত শ্রমিকদের নিয়ে নছিমনটি ফেনীর লেমুয়া এলাকা থেকে উপজেলা সদরে আসছিলেন। রামপুর রাস্তার মাথা এলাকায় একটি চাকা বিস্ফোরণের পর নছিমনটি উল্টে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত ১০ জনকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুহুল মহসিন বলেন, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, দুর্ঘটনায় একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনটি পুলিশ হেফাজতে রয়েছে।
দুই মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
গৌতম বুদ্ধের চরিত্রে আবুল হায়াত