৩০ বার এভারেস্টের চূড়ায় রিতা, রেকর্ড

আপডেট : ২২ মে ২০২৪, ০৫:৫৮ পিএম

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। পর্বতারোহীদের স্বপ্ন থাকে এই পর্বতের চূড়া স্পর্শ করার। কেউ এই চূড়ায় উঠতে পারেন, আবার অনেককে ব্যর্থ হতে দেখা যায়। কারণ এভারেস্ট জয়ের যাত্রা খুবই ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। তবে সেই চূড়ায় ৩০ বার নিজের পদচিহ্ন রেখেছেন নেপালি শেরপা কামি রিতা।

আজ বুধবার (২২ মে) নিজের স্বপ্ন সত্যি করে ৩০ বারের মতো এভারেস্টের চূড়ায় পদচিহ্ন রেখেছেন তিনি। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন।

এভারেস্ট জয়ের এটা (৩০ বার) নতুন রেকর্ড। এর আগে সবচেয়ে বেশি (২৯ বার) এভারেস্ট জয়ের রেকর্ডও ছিল তারই। এবার তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। এ যেন নিজের সঙ্গে নিজেরই মোকাবেলা।

এভারেস্ট সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এটি ছিল ১০ দিনের মাথায় ‘এভারেস্ট ম্যান’-এর দ্বিতীয় আরোহন। এভারেস্টের চূড়ায় আরোহণ করতে যেখানে সাধারণ পর্বতারোহীদের সময় লাগে বেশ কয়েক দিন, সেখানে এতো কম সময়ে কোনো পর্বতারোহীদের একাধিকবার এভারেস্ট আরোহণের এমন ঘটনা বিরলই বলা যায়।

বেজক্যাম্পের অভিযান পর্যবেক্ষণ ও মাঠ পর্যায়ের প্রধান কর্মকর্তা গৌতম সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করে বলেছেন, কামি রিতা তার নিজের রেকর্ড ভেঙেছেন। তিনি ৩০তম বার নিজের পদচিহ্ন রাখলেন বিশ্বের সর্বোচ্চ চূড়াটিতে।

এর আগে, গত ১২ মে সকাল ৭টার কিছু পরে বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বতে বেশিবার আরোহণের নতুন রেকর্ড গড়েন ৫৪ বছর বয়সী কামি রিতা। সেবার তিনি ২৯তম বারের মতো ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু এভারেস্টের চূড়ায় পৌঁছান। ২৯ বার এভারেস্ট জয়ের রেকর্ড করার পর এএফপিকে তখন বলেছিলেন, আমি এই রেকর্ড গড়তে পেরে বেশ খুশি। তবে রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই।

উল্লেখ্য, কামি রিতার এভারেস্ট-যাত্রা শুরু হয়েছিল ১৯৯৪ সালে। ওই সময় থেকেই গাইড হিসেবে পর্বতারোহীদের পথ দেখান এই নেপালি শেরপা। এরপর থেকে প্রায় প্রতিবছরই ২৯ হাজার ফুট উঁচু এভারেস্টশৃঙ্গটি জয় করছেন। এর মধ্যে বাদ পড়ে কেবল ২০১৪, ২০১৫ ও ২০২০ সাল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত