৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার বরগুনার তালতলী উপজেলা বিএনপির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মোস্তাককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বুধবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
এ বহিষ্কারের অনুলিপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের কাছে দেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান তালতলী উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান ও চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন।
চিঠি সৃত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আংশগ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দলের গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করেননি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান। ইতিমধ্যে তাকে কেন্দ্রীয় বিএনপি থেকে গত দুই দিন আগে কারণ দর্শানো হয়। কারণ দর্শানো নোটিশের জবাব তিনি দেননি। নির্বাচন থেকে সরেও আসেননি, এজন্য তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মো. মোস্তাফিজুর রহমান বলেন, দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি এটাকে সাধুবাদ জানাই। আমি দলের হয়ে নির্বাচন করি না, জনগণের নির্বাচন করি। তাই দল যেটা ভালো মনে করেছে, সেটা করেছে।
জাজিরায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা
ধুলাবালি থেকে বাঁচতে চান?