বিসিবি চিকিৎসকের আশা, বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন তাসকিন

আপডেট : ২৫ মে ২০২৪, ০২:১২ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠের সিরিজে চোটে পড়েন তাসকিন আহমেদ। তবু তাসকিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছিলো বিশ্বকাপে শুরুর দুই ম্যাচে তাসকিনকে পাওয়া যাবে না।

তবে এই পেসারের চোটের দ্রুত উন্নতি হচ্ছে। তাই বিশ্বকাপের শুরু থেকেই তাসকিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজে খেলছেন না তাসকিন। তবে দলের সঙ্গেই আছেন, তার পুনবার্সন প্রক্রিয়া চলমান আছে।

যুক্তরাষ্ট্রে এমআরআই রিপোর্ট পেয়েছেন তাসকিন। সেটা দেখেই টাইগার পেসারের বিশ্বকাপের শুরু থেকে খেলার ব্যাপারে আশাবাদী বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাতকারে দেবাশীষ বলেন, 'তাসকিনের উন্নতি খুবই ভালো ও সন্তোষজনক। সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ও জিম করছে। রানিংও শুরু করছে, আর কয়েকদিন পর আমরা তাকে বল করতে দেবো। আমরা কেবলই রিপোর্টটা পেয়েছি আর মনে হচ্ছে ইনজুরি প্রায় ঠিক হয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'আমরা এখন তাকে ছোট রান আপে বল করতে দেবো। আস্তে আস্তে ইন্টেনসিটি বাড়বে। দৌঁড়াতে তার কোনো সমস্যা হয়নি। এখন তার থ্রো সেশন করবো আর এরপর আস্তে আস্তে ছোট রানআপে বল করাবো। আমরা আশা করছি, এভাবে চললে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাকে (তাসকিনকে) পাবো।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত