ক্লাসে উপস্থিত হতে সকাল ছয়টায় স্কুলবাসে উঠেছিল চার বছরের একটি মেয়ে। কিন্তু গাড়িতেই সে ঘুমিয়ে পড়ে। স্টাফরাও তাকে নামিয়ে দেয়নি। প্রায় আড়াই ঘণ্টা পর তাকে কাঁদতে দেখে বাসের কন্ডাক্টর। ততক্ষণে আরেকটি ট্রিপ শুরু হয়েছে। ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের শারজার।
খালিজ টাইমস জানিয়েছে, মেয়েটিকে বাস থেকে নামিয়ে দিতে ভুলে যায় স্টাফরা। পরে সিনিয়র ক্লাসের ছেলেদের নিয়ে যাত্রা শুরু করে বাসটি। একপর্যায়ে কন্ডাক্টর মেয়েটিকে কাঁদতে দেখেন। এ ঘটনায় সে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়।
মেয়েটির মা বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে কন্ডাক্টর আমাকে ফোন করেন। জানান, আমার সন্তান গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। বাস থেকে না নামায় ক্লাসে পৌঁছাতে পারেনি। আমি ওকে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দিতে বলেছিলাম, কিন্তু সে তা করেনি। এরপর আমি সন্তানের শিক্ষককে ফোন করি। তিনি তখনই ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। সকাল সোয়া ৮টার দিকে আমরা স্কুলে ছুটে যাই, কিন্তু আমার মেয়ে তখনো ক্লাসে পৌঁছায়নি।’
এ ঘটনায় অন্য অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মেয়েটির মা। একইসঙ্গে সন্তানের সুরক্ষায় বাসচালক এবং কন্ডাক্টরদের সঙ্গে নিয়মিত কথা বলার পরামর্শ দিয়েছেন।
মেয়েটির মা বলেন, ‘আমার মেয়ে ঘুম ভাঙতেই বাসে সিনিয়র স্টুডেন্টদের দেখতে পায়। তখন দ্বিতীয় ট্রিপ শুরু হয়েছে। সে যখন কাঁদতে শুরু করে, তখনই কন্ডাক্টর বুঝতে পারেন তাকে নামানো হয়নি। তারপর আমাকে ফোন দেওয়া হয়।’
এ ঘটনার পর মেয়েটির বাবা-মা তাকে স্কুল থেকে প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছে তারা। বলেছেন, স্টাফরা এটি ‘ছোট ঘটনা’ বলে উড়িয়ে দিয়েছে।
মেয়েটির মা আরও বলেন, ‘আমার সন্তান যতক্ষণ নিজের যত্ন নেওয়ার জন্য একটু বড় হচ্ছে ততক্ষণ আমি তাকে স্কুলে পাঠানোর সাহস পাচ্ছি না। আমিও একই স্কুলে পড়েছি। আমি কখনো আশা করিনি আমার মেয়ের সঙ্গে এমন আচরণ করা হবে। আমাদের বিশ্বাস ভেঙে গেছে। আমরা ভাগ্যবান যে আমাদের সন্তানকে জীবিত পেয়েছি। আমার প্রার্থনা, কোনো বাবা-মা ও সন্তান যেন এমন করুণ পরিস্থিতির সম্মুখীন না হয়।’
বাণিজ্য ক্যাডারের পদে প্রশাসনের কর্মকর্তারা