শিক্ষামন্ত্রী বললেন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিজ নিজ জেলায়

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:৫৪ এএম

দুর্যোগকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে নিজ নিজ জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘দুর্যোগকালীন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে নিজ নিজ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, পরিস্থিতি বিবেচনায় নিজেরাই সিদ্ধান্ত নেবে। মন্ত্রণালয় পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।’

গতকাল রবিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও মূল্যায়নবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে কর্মশালাটি হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রকৌশলীদের দ্রুততার সঙ্গে কাজ করার সুনাম রয়েছে। ভবন দৃশ্যমান শুধু শহরাঞ্চলে নয়, প্রান্তিক পর্যায়েও শিক্ষাকে সুসংহত করার একটি পদক্ষেপ। বিদ্যালয়গুলো শিক্ষাব্যবস্থার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ ভবন নির্মাণের কার্যক্রমকে সাসটেইনেবল ও গ্রিন বিল্ডিং করা যায় কি না, সেদিকে লক্ষ রেখে ডিজাইন করার ব্যাপারে প্রকৌশলীদের তাগিদ দেন তিনি।

শিক্ষার্থীদের মাঠমুখী করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যেও চিন্তার পরিবর্তন করতে হবে। তাদের মাঠে নিয়ে আসতে হবে। প্রকৌশলীরা তাদের মনোজাগতিক পরিবর্তন আনতে পারে।’ শিক্ষা প্রকৌশলের ইঞ্জিনিয়াররাই পরিমিত ব্যয়ের মাধ্যমে ভবন নির্মাণ করে গবেষণায় বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে পারেন বলে যোগ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত