গাজীপুরের শ্রীপুরে ‘পুলিশের হয়রানি ও চাঁদাবাজি’ বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এ সময় দুই ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল রবিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেলে মহাসড়ক ছেড়ে দেয় অবরোধকারীরা।
অটোরিকশা চালকরা অভিযোগ করে বলেন, পুলিশ বিশেষ অর্থ সুবিধা নিয়ে অনেক অটোরিকশা চালানোর সুযোগ করে দিচ্ছে। বিনিময়ে মাসিক হারে টাকা দিয়ে একদল চালক দেদারছে মহাসড়কে অটোরিকশা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। তবে চাঁদা না দেওয়া কোন অটোরিকশা মহাসড়ক ক্রস (পারাপার) করতে গেলেই ধরে নিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে পুলিশ। টাকা দিতে অস্বীকৃতি জানালে জরিমানা করা হয়। তাদের দাবি প্রভাবশালী কিছু ভুঁইফোড় পত্রিকার সাংবাদিক ও শ্রমিক নেতা মিলে পুলিশকে ম্যানেজ করে অটোরিকশার মহাসড়ক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে রাখছেন বছরের পর বছর ধরে।
তবে পুলিশ বলছে, উচ্চ আদালতের রায়ে মহাসড়কে অটোরিকশা ও সিএনজি চালানো বন্ধ রয়েছে। এ অবস্থায় মহাসড়কে কোনো ভাবেই এ সব যানবাহন চলাচল করতে দেওয়া যাবেনা। হয়রানি আর চাঁদাবাজির কথা অস্বীকার করে পুলিশ বলছে, নিয়মিত কাজের অংশ হিসাবে বহু যানবাহনকে জরিমানা করা হয়। কখনো কাউকে হয়রানির লক্ষ্যে পুলিশ কাজ করেনা।
মাওনা হাইওয়ে থানা ওসি মাহবুব মোর্শেদ জানান, উচ্চ আদালতের নির্দেশে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও গ্যাসে চালিত সিএনজি চলাচল বন্ধ আছে। এখানে ছাড় দেওয়ার সুযোগ নেই। মহাসড়ক অবরোধ করা হয়েছে— এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অবরোধকারী চালকরা মহাসড়ক ছেড়ে পালিয়ে যায়।
