১২ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলের বহু জেলা

আপডেট : ২৭ মে ২০২৪, ১২:৫৪ পিএম

প্রবল শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এদিকে রিমালের তাণ্ডবের মধ্যে ক্ষয়ক্ষতি এড়াতে দেশের উপকূলীয় এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

অনেক স্থানে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎবিহীন। তবে রিমালের প্রভাব কমার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার (প্ল্যানিং অ্যান্ড অপারেশন) বিশ্বনাথ শিকদার বলেন, সোমবার সকালেও  উপকূলীয় জেলাগুলোতে ঝড় অব্যাহত ছিল। এসব এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র আমরা এখনো নির্ণয় করতে পারিনি। তবে আবহাওয়া অনুকূলে আসার সঙ্গে সঙ্গেই আমাদের কর্মীরা মাঠে গিয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করবে।’

সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরিশাল জেলা পল্লী বিদ্যুৎ সমিতির অধিকাংশ গ্রাহকের সংযোগ বন্ধ রাখা হয়েছে জানিয়ে বিশ্বনাথ শিকদার বলেন, ‘আরো কয়েকটি জেলায় আংশিকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে হয়ত দেড় কোটি গ্রাহক এখন বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।’

উপকূলীয় কয়েকটি জেলার সাগর তীরবর্তী উপজেলাগুলো স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে তলিয়ে গেছে বলে জানান পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা।

তিনি বলেন, ‘এখন এই পরিস্থিতিতে বিদ্যুতের লাইন চালু থাকলে জান-মালের ক্ষতি হতে পারে। আবার বিদ্যুৎ উপকেন্দ্রগুলো পানির নিচে তলিয়ে গেলে দীর্ঘমেয়াদে সেগুলোর ক্ষতি হতে পারে, যা মেরামত করতে অন্তত সাতদিন সময় প্রয়োজন। এসব দিক বিবেচনায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত