নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুদের টাকার লভ্যাংশ দিতে না পারায় মোস্তফা (৪২) নামের এক যুবককে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে সুদ ব্যবসায়ী বাতেন প্রধানের বিরুদ্ধে। গতকাল রবিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। নিহত মোস্তফা তারাব পৌরসভার মৈকুলী এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে।
নিহতের ভগ্নিপতি খোরশেদ মিয়া জানান, দুই মাস আগে মৈকুলী এলাকার বাতেন প্রধানের কাছ থেকে সপ্তাহে ২০০ টাকা লভ্যাংশ দেওয়ার শর্তে দুই হাজার টাকা নেন মোস্তফা। প্রথম মাসের টাকা পরিশোধ করা হয়। কিন্তু গত মাসের লভ্যাংশের টাকা না দিতে পারায় বাতেনসহ তার লোকজন আমার সুমন্দি মোস্তফাকে রাস্তা থেকে তুলে নিয়ে তাদের রুমে আটকে বেধড়ক নির্যাতন চালান। এক পর্যায়ে তার অবস্থা খারাপ হলে বাতেন প্রধানের বাড়ির সামনের সড়কে ফেলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বগত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। পরে রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে অভিযুক্ত বাতেন প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
দেশে প্রাপ্তবয়স্কদের ২৫ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছে
মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল শুরু