শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২৪, ০৫:১৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সকালে বরমী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির পাশের গ্যারেজে চার্জে রাখা অটোরিকশার প্লাগ খোলার সময় বিদ্যুতায়িত হয়ে ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে পারিবারিক আবেদনের ভিত্তিতে মানবিক চিন্তায় মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে।

নিহত নারীর নাম তাসলিমা আক্তার (৩৫)। নিহত তাসলিমা আক্তার ওই গ্রামের শাহ্ আলমের স্ত্রী। স্বামী পেশায় একজন অটোরিকশারচালক।

নিহতের স্বজনরা জানান, রাতে তার স্বামী শাহ আলম ব্যাটারিচালিত অটোরিকশা পাশের গ্যারেজে চার্জে দিয়ে আসেন। সকালে ঘুম থেকে তার স্বামীর উঠতে দেরি হওয়ায় স্ত্রী তাসলিমা পাশের গ্যারেজে গিয়ে অটোরিকশার চার্জিং প্লাগ খুলতে গেলে বিদ্যুতায়িত হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

শ্রীপুর মডেল থানার এসআই নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে দুপুরে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের লিখিত মানবিক আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত