টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলতে পারা সাকিবের কাছে গর্বের

আপডেট : ৩১ মে ২০২৪, ১২:০২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায়। সেই আসরেই খেলেছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্টইন্ডিজে বসতে যাচ্ছে টুর্নামেন্টের নবম আসর। সবগুলোতেই আছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। 

সাকিব ছাড়া আর একজনেরই আছে সবগুলো আসরে খেলার কীর্তি। তিনি রোহিত শর্মা। এবারও আছেন ভারতীয় অধিনায়ক। সবগুলো আসরে অংশ নিতে পারাটা সাকিবের কাছে অনেক গর্বের এবং আনন্দের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিসিবির বিশেষ আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে এসব কথা বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। 

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, 'যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা এতদিন খেলতে পারব প্রথমত, দ্বিতীয়ত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আজ অবধি সবগুলো আসরেই খেলতে পারা। আমার কাছে অনেক গর্বের এবং আনন্দের, একইসঙ্গে যেহেতু দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি।'

নয় বিশ্বকাপ খেলা সাকিব স্বপ্ন দেখেন দশম আসরেও অংশ নেওয়ার, 'আমি আর রোহিত শর্মা, শুধু দুজনই সবকটি বিশ্বকাপ খেলতে পেরেছি। আশা করি আরও একটা বিশ্বকাপে খেলতে পারব। তবে তার আগে এই বিশ্বকাপে ভালো পারি যেন। পাশাপাশি বাংলাদেশ যেন অন্য যেকোনো বিশ্বকাপের চেয়ে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে।'

আর বিশ্বকাপে নিজের লক্ষ্য প্রসঙ্গে সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না। একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত