বাংলাদেশকে চমকে দিতে পারে ডাচ ও নেপালিজরা: গিলক্রিস্ট

আপডেট : ০১ জুন ২০২৪, ০৫:১৯ পিএম

আজ রাতে শক্তিশালী ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের মারফতে আশঙ্কাজনক ভবিষ্যদ্বাণী পেলেন শান্তরা। গিলক্রিস্ট মনে করছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে অঘটন ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ডস। আর তাতে কপাল পুড়তে পারে বাংলাদেশের।

গিলক্রিস্ট বিশ্বাস করেন রোহিত পওডেলের নেতৃত্বে এক ঝাঁক তরুণকে নিয়ে গড়া নেপাল দলটি আন্তর্জাতিক ক্রিকেটে বেশ নজর কেড়েছে। অন্যদিকে আইসিসি ইভেন্টগুলোতে বরাবরই শক্ত লড়াই দেখিয়ে আসছে নেদারল্যান্ডস। বড় দেশগুলোর বিপক্ষে খেলার অল্পবিস্তর সুযোগখানি লুফে নিতে বেশ পটু ডাচরা।

এসইএন রেডিওতে দেওয়া সাক্ষাতকারে গিলক্রিস্ট বলেন, ‘আমার মনে হয় নেপাল এবার সেই দলটি হতে যাচ্ছে যারা ঝলক দেখাবে। তাদের কিছু তরুণ খেলোয়াড় আছেন যারা মোটামুটি সব বড় লিগগুলোতে বিগত বছরগুলোতে খেলে আসছে।’

গিলক্রিস্ট যোগ করেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক জাগিয়েছিল ডাচরা। এবারও তারা একই গ্রুপে। তারা সবসময়ই আপনাকে বিব্রত করার জন্য প্রস্তুত থাকে।’ গত ওয়ানডে বিশ্বকাপেও তারা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারায়। এরই মধ্যে এবারের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ২০ রানে হারিয়েছে নেদারল্যান্ডস।

এবার ডি গ্রুপে নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে আরও আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। গিলক্রিস্ট মনে করেন এ দুটো দল বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে যেকোনো সময় চমকে দিতে পারে। মঙ্গলবার নেপালিজদের মুখোমুখি হয়ে বিশ্বকাপ শুরু করবে ডাচরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত