ভারতের বিপক্ষে বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচ হচ্ছিল বাংলাদেশের। তখন ফিল্ডিংয়ে রোহিত শর্মারা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সেই ম্যাচ চলাকালে মাঠে ঢুকে পড়েন এক রোহিত ভক্ত। নিরাপত্তার বেড়াজাল এড়িয়ে ওই ভক্ত মাঠে ঢুকে ঠিকই রোহিতের কাছে পৌঁছে যান।
প্রিয় তারকাকে জড়িয়েও ধরেন ক্ষণিকের জন্য। এরপর নিউইয়র্কের পুলিশ সদস্যরা এসে রোহিতের ওই ভক্তকে টেনেহিঁচড়ে মাঠের বাইরে নিয়ে যান।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভারতের অধিনায়ক রোহিত তার ভক্তের প্রতি নিউইয়র্ক পুলিশকে দয়া দেখাতে বলেছেন। ওই ভক্তকে ক্ষমা করে দেওয়ার অনুরোধও জানিয়েছেন।
ওই ব্যক্তিকে নিউইয়র্ক পুলিশ টেনে নিয়ে যাওয়ার সময় রোহিত তাঁদের সঙ্গে কথা বলেন। হাতকড়া পরিয়ে ওই ব্যক্তিকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিলেন, তখন তাদের প্রতি অতটা কঠোর না হয়ে একটু দয়া দেখাতে বলেন রোহিত। একই সঙ্গে রোহিত নাকি ওই ব্যক্তির প্রতি পুলিশকে ক্ষমাশীল হওয়ার অনুরোধও করেন।
রোহিতের টানে মাঠে তার ভক্তদের ঢুকে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে দুবার এমনটা হয়েছে। গত ফেব্রুয়ারিতে হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এক ভক্ত মাঠে ঢুকে রোহিতের কাছে পৌঁছে তার পা স্পর্শ করেছিলেন। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচেও এক ভক্ত মাঠে ঢুকে রোহিতের কাছে গিয়েছিলেন।
