আড়াই মাস পর আবারও মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই উপলক্ষে প্রস্তুতি শুরু করেছেন জামাল ভূঁইয়ারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আর ১১ জুনে বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচের তাদের প্রতিপক্ষ লেবানন। নিজেদের গুছিয়ে নিতে তাই খুব বেশি সময় মিলছে না বাংলাদেশের।
আজ বিকেলে অনুশীলন করেছেন তারা কিংস অ্যারেনায়। এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব, নিজেদের শাণিয়ে নিতে চান তপু বর্মন ও সোহেল রানা সিনিয়ররা। দলের এই দুই অভিজ্ঞ খেলোয়াড় বললেন, প্রথম লেগের বড় হারের পুনরাবৃত্তি কিছুতেই দেখতে চান না তারা। এ মুহূর্তে তাদের ভাবনার কেন্দ্রে কেবলই অস্ট্রেলিয়া ম্যাচ।
যদিও উঁকি দিচ্ছে প্রথম লেগে অস্ট্রেলিয়ার মাঠে ৭-০ গোলের হার। সেবারও ম্যাচের আগে খেলোয়াড়রা প্রতিশ্রুতি দিয়েছিলেন লড়াই করার, কিন্তু মাঠের খেলায় তার প্রতিফলন ছিল না। এবার তাই স্রেফ মুখের কথা নয়, কাজ করে দেখাতে চান তপু।
অভিজ্ঞ এই ডিফেন্ডার আরও বেশি আশাবাদী ম্যাচটি ঘরের মাঠে বলে, ‘দেখেন, সত্যি বলতে অস্ট্রেলিয়া ও লেবানন আমাদের থেকে অনেক এগিয়ে র্যাঙ্কিংয়েরদিক দিয়ে। অস্ট্রেলিয়ার হোমে আমরা ৭-০ গোলে হেরেছিলাম। তবে এবার আমাদের হোমে খেলা, অবশ্যই ম্যাচটা ইন্টারেস্টিং হবে। আমরা আমাদের শতভাগের বেশি দেওয়ার চেষ্টা করব। কেননা আমাদের নিজেদের মাঠে খেলা, আমাদের দর্শক থাকবে অনেক। আমরা একটা লড়াকু ম্যাচ দেওয়ার চেষ্টা করব। ভালো খেলার চেষ্টা করব। এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য আমরা যেন গোল হজম না করি, যত সময় আমরা গোল হজম করব না, ততক্ষণ আপনারা দেখেছেন ফিলিস্তিনের বিপক্ষে আমরা ৯৫তম মিনিটে গোল খেয়ে হেরেছি, নিশ্চিতভাবে কিংস অ্যারেনায় আমাদের পারফরম্যান্স ভালো।’
সদ্যই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। সবার খেলার মধ্যে থাকাটা সোহেলের কাছে ইতিবাচক। এই অভিজ্ঞ মিডফিল্ডারের কণ্ঠেও ঘুরে-ফিরে এলো প্রথম লেগের ভরাডুবির স্মৃতি, পাশাপাশি নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও, ‘প্রতিটি খেলোয়াড় লিগে খেলার মধ্যে ছিল, সবাই ফিট আছে। এ ম্যাচের জন্য সবাই প্রস্তুত আছি। অস্ট্রেলিয়ার মাঠে যেটা হয়েছে, আমরা চাইব ঘরের মাঠে যেন সেটার পুনরাবৃত্তি না হয়। আশা করি, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটা লড়াই করতে পারব। অস্ট্রেলিয়ার যে আবহাওয়া অনেক ঠাণ্ডা ছিল এবং বাতাস ছিল। ওখানে আমাদের সমস্য হয়েছিল। আমার মনে হয়, এখানকার আবহাওয়া আমাদের অনেক সাহায্য করবে, এখানে আমাদের কোনো সমস্যা হবে না। ওরা চাইবে আমরা যেন ছোটখাট ভুল করি, কিন্তু আমরা চাই সেই ভুলগুলো না করতে।’
