মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

আপডেট : ০২ জুন ২০২৪, ১০:৫৬ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদ্রাসার তালাবদ্ধ শ্রেণিকক্ষ থেকে রোকসানা আক্তার (২৪) নামে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। নিহত রোকসানা উপজেলার শায়েস্তা ইউনিয়নের আঠারোপাইখা গ্রামের আবেদ আলীর মেয়ে। তিনি সাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।

রবিবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

জানা যায়, প্রায় ২ বছর ধরে রোকসানা ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। প্রতিদিনের মতো রবিবার সকালে মাদ্রাসায় এসে দুপুর ১২ টা পর্যন্ত ক্লাস নেন। এরপর প্রাইভেট পড়াতে থাকে। বিকাল ৪টার দিকে ওই মাদ্রাসার আয়া ফিরোজা বেগম মাদ্রাসায় এসে ৪র্থ শ্রেণির কক্ষটি তালাবদ্ধ দেখতে পান। এরপর মাদ্রাসার সভাপতি হাফেজ মো. নাজমুল হকের কাছ থেকে চাবি এনে ওই কক্ষে প্রবেশ করলে পাটি দিয়ে মুড়ানো ও বেঞ্চ দিয়ে চাপা দেয়া মৃত দেহটি দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় প্লাস্টিকের রশি পেচানো এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। তাদের ধারণা পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা শ্বাসরোধে রোকসানাকে হত্যা করেছে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় আগামী ৯ জুন ৪ লাখ টাকায় ডিভোর্স হওয়ার কথা ছিল রোকসানার। এদিকে হত্যা রহস্য উৎঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, পিবিআই, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত