ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবারও প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা চালাবেন তিনি। দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী ২৮ জুন। খবর রয়টার্সের।
গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার আকস্মিক মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
ইরানে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন, কে পারবেন না তা নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিল চাইলে আহমাদিনেজাদের নিবন্ধন বাতিল করে দিতে পারে। আগামী ১১ জুন যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল।
আহমাদিনেজাদ ইরানের চৌকস বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন। তিনি ২০০৫ সালে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৩ সালে পদত্যাগ করেন। ২০১৭ ও ২০২১ সালে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু তাকে বাধা দেওয়া হয়।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আহমাদিনেজাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। খামেনির সর্বময় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আহমাদিনেজাদ। ২০১৮ সালে খামেনির এক বিরল সমালোচনায় তিনি ‘সুষ্ঠু নির্বাচন’ আয়োজনের তাগিদ দিয়েছিলেন।
