ভারত-পাকিস্তানকে হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:৩৬ এএম

রেকর্ডবুক ওলট-পালট করে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেক রাঙালো যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় যে অঘটন ছিল না তাই যেন বুঝিয়ে দিল স্বাগতিকরা নিজেদের ব্যাটিং দিয়ে। বাংলাদেশ সময় রবিবার সকালে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১৯৫ রান তাড়া করে যুক্তরাষ্ট্র জয় পেয়েছে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে। টি-টোয়েন্টিতে এটিই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলো মধ্যে রান তাড়ার রেকর্ডও। টি-টোয়েন্টিতে এর আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৬৯।

যুক্তরাষ্ট্রের জয়ের অন্যতম নায়ক অ্যারন জোন্স। জোন্স ইনিংসের প্রথম পাঁচ বলে বলে করেন ১ রান। তবে এরপরই মারমুখী হয়ে ওঠেন। মাত্র ২২ বলে ফিফটি পূরণ করেন। যা টি-টোয়েন্টি যুক্তরাষ্ট্রের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। শেষ পর্যন্ত ৪০ বলে ৯৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। জোন্সের ইনিংসে ছিল ৪টি চার ও ১০ ছক্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে যৌথভাবে দ্বিতীয় স্থানে জোন্সের ১০ ছক্কা।

এটি জোন্সের আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি। সর্বোচ্চ স্কোরও। ২৩৫ স্ট্রাইক রেটের দুর্দান্ত ইনিংসে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন। আগের ২৬ টি-টোয়েন্টিতে ১৩ ছক্কা হাঁকানো জোন্স এবার এক ইনিংসেই মারলেন ১০ ছক্কা। জোন্স বলেন, ‘(বড় শট) আসলে আমি আমার প্রক্রিয়ার মধ্য দিয়েই গেছি আর পাওয়ার হিট করতে পছন্দ করি। আমি জানতাম ব্যাটের মাঝে লাগলে বল বহু দূর যাবে। দল চাপে থাকলেই আমার সেরাটা বের হয়।’

তার আগে রান তাড়ায় যুক্তরাষ্ট্রের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন স্টিভেন টেইলর (০)। দলীয় ৪২ রানে ফেরেন অধিনায়ক মোনাক প্যাটেল (১৬)। যুক্তরাষ্ট্রের ইনিংসে ৮ ওভার শেষে স্কোর ছিল ৪৮। তখনো জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৭২ বলে ১৪৭ রান।

পরের গল্পটা আন্দ্রিস গুস ও জোন্সের। তৃতীয় উইকেটে এই জুটি ১০০ রান যোগ করেন মাত্র ৪৫ বলে। শেষ পর্যন্ত তাদের ৫৮ বলে ১৩১ রানের জুটি ভাঙে গুস ৬৫ রান করে ফিরলে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় ফিফটি করা গুসের এটি সর্বোচ্চ ইনিংস। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছক্কা। তৃতীয় উইকেট জুটিতে জোন্স ও গুসের ১৩১, ওভারপ্রতি রান এসেছে ১৪.২৯ গড়ে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো সেঞ্চুরি জুটিতে সর্বোচ্চ রানরেট।

যুক্তরাষ্ট্রের গ্রুপে ভারত-পাকিস্তান ছাড়াও আছে কানাডা। এদের টপকে যুক্তরাষ্ট্র সুপার এইটে যাওয়াটা কঠিন মনে করা হচ্ছে। তবে রেকর্ড গড়ে প্রথম ম্যাচ জেতার পর ভারত-পাকিস্তান দুই দলকেই হুমকি দিয়ে রাখলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। বলেছেন, ভারত-পাকিস্তানের বিপক্ষেও ভয়ডরহীন ক্রিকেট খেলবে তার দল, ‘যেভাবে খেলেছি, সেভাবে খেলে যেতে চাই। পাকিস্তান বা ভারত, কোনো দলের বিপক্ষেই ভয়ডরহীন ক্রিকেট থেকে সরতে চাই না।’

যুক্তরাষ্ট্রের পরের ম্যাচ ৬ জুন পাকিস্তানের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত