নারী নির্যাতনের অভিযোগে সাধারণ সম্পাদককে অব্যাহতি

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৮:৩৫ এএম

জাপানি আর্ট ও অস্ত্রহীন যুদ্ধের একটি খেলার নাম জুজুৎসু। বাংলাদেশে চালু থাকলেও খেলাটা অপ্রচলিত। এখানকার বেশিরভাগ মানুষেরই ধারণার বাইরে এই খেলা। তবে অচেনা সেই খেলা হঠাৎ করেই এসেছে আলোচনায়। সেটাও অ্যাসোসিয়েশনের কর্তার নারী নির্যাতনে অভিযোগের ঘটনায়। 

নারী নির্যাতনে বিতর্কিত ও অভিযুক্ত জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

জুজুৎসু অ্যাসোসিয়েশনে অ্যাডহক কমিটি ছিল। অ্যাডহক কমিটিকে জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো সময় পরিবর্তন বা বাতিল করার এখতিয়ার রাখে। সেই ক্ষমতাবলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম নিউটনকে অব্যাহতি চিঠি ইস্যু করেন রবিবার।

নারী নির্যাতনে অভিযুক্ত সাধারণ সম্পাদক থেকে অব্যাহতির ঘটনা এটাই প্রথম নয়। টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোরশেদের উপর খেলোয়াড় লাঞ্চিতের অভিযোগ উঠেছিল। পরে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করে।

নিউটনের উপর অভিযোগ আরও গুরুতর। নারী খেলোয়াড়কে গর্ভপাত করানো, মারধর, ধর্ষণসহ অনেক স্পর্শকাতর অভিযোগ এনে ভুক্তিভোগী খেলোয়াড়রা জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিল। ১৮ মে অভিযুক্ত সাধারণ সম্পাদক নিউটনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় ক্রীড়া পরিষদও নারী খেলোয়াড়ের অভিযোগ নিয়ে তদন্ত করছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত