ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মিডটার্ম পরীক্ষার প্রশ্নে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ড ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছেন এক শিক্ষক।
সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ‘থিওরিস অব সোশ্যাল চেঞ্জ: ফ্রম মর্ডানিটি টু পোস্টমর্ডানিটি’ শিরোনামের কোর্সটি পড়ান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ।
প্রশ্নপত্র ঘেঁটে দেখা যায়, প্রথম প্রশ্নটি করা হয়েছে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ড নিয়ে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরকে সূত্র হিসেবে ব্যবহার করে ‘হানি-ট্র্যাপে বাংলাদেশি এমপি: ৫ কোটি টাকার চুক্তিতে হত্যা’ শিরোনামে খবরের কিছু অংশ তুলে দিয়ে তা শিক্ষার্থীদের পঠিত মার্কস, ফ্রয়েড, মারকুস এবং হার্ভের তত্ত্বের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে।
দুই নম্বর প্রশ্নে সময় টিভির একটি সংবাদের বরাতে ‘বেনজীরের দুর্নীতি: সরকারের দৃষ্টিভঙ্গি ও দুর্নীতি দমন কমিশন সক্রিয় হবে কি?’ শিরোনামে বাংলাদেশের পুঁজিবাদী প্রক্রিয়া নিয়ে মার্কস ও হার্ভের থিওরি অনুযায়ী বিশ্লেষণ করতে বলা হয়েছে।
এদিকে, গতকাল সোমবার থেকেই প্রশ্নপত্রের ছবি ফেসবুকে ভাইরাল। এসব পোস্টের কমেন্টেও শিক্ষার্থীরা প্রশংসা করছেন ওই প্রশ্নপত্রের। মুজাহিদ খানের নামের এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটাই আমাদের মাহবুব স্যারের প্রশ্নের সৌন্দর্য। তিনি খুবই বাস্তববাদী এবং সময়োপযোগী বিষয়ে ছাত্রদের পাঠদান করান এবং সেই সব উদাহরণ দিয়েই প্রশ্ন করেন। আমি খুবই ভাগ্যবান যে তার মতো একজন শিক্ষকের ছাত্র হতে পেরেছি।’
হাবিবুর রহমান নামের এক ব্যবহারকারী স্মৃতিচারণ করে লিখেছেন, ‘এই প্রশ্ন দিয়ে আমরাও পরীক্ষা দিতাম! স্যার অসাধারণ ক্লাস নিতেন! স্যারের ২-৩ ঘণ্টার একটানা ক্লাস এক নিমিষেই শেষ হয়ে যেত! আর পরীক্ষার প্রশ্ন হাতে পেলে চোখে অন্ধকার দেখতাম!’
এ বিষয়ে অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘আমি বর্তমানে যে কোর্স পড়িয়েছি তার সঙ্গে সম্পর্ক রেখে প্রশ্নপত্র প্রণয়ন করেছি। শিক্ষার্থীরা প্রশ্নগুলোর ধরন ও গভীরতা বুঝে পঠিত কোর্স এবং বাস্তবতার নিরিখে উত্তর করবে। এটিই আমার মূল্যায়ন।’
