কুড়িগ্রামের প্রত্যন্ত চরের শিশুদের শিক্ষার বিষয়টি চিন্তা করে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিছিন্ন যাত্রাপুর ইউনিয়নের কালীর আলগা চরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এতে উচ্ছ্বসিত এলাকার শিশু-অভিভাবকসহ সকল মানুষ।
সোমবার (৩ জুন) কালীর আলগা চরে সদর উপজেলার সকল দপ্তরের অফিসারদের উপস্থিতিতে স্কুলটি উদ্বোধন করা হয়। এ ছাড়া চরে বসবাসকারী ব্যক্তিদের বিভিন্ন ফলের ৫০০টি চারা বিনামূল্যে বিতরণ করা হয়। অপরদিকে স্কুলগামী শিশুদের বেশ কিছু গল্পের বই, খেলার জন্য ফুটবল, হ্যান্ডবল, ক্রিকেট সেট ও জাম্পিং দড়ি উপহার দেওয়া হয়েছে।
এ বিষয়ে কালীর আলগা চরের শিহাব নামের এক শিশু আনন্দ প্রকাশ করে বলে, আমাদের চরে স্কুল হয়েছে। আমি খুব খুশি। এই স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করব।
কালীর আলগা চরের বাসিন্দা রহিম মিয়া বলেন, আমাদের এখানে কোনো স্কুল ছিল না। অনেকে প্রাথমিকের গণ্ডিই পেরোতে পারত না। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় দূরের স্কুলে ছেলেমেয়েদের পাঠানো যায় না। যার কারণে বাল্যবিবাহের সংখ্যা বেড়েই চলছে। এখানে স্কুল হওয়ায় আমরা আনন্দিত।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুল আলম হালিম বলেন, আমাদের উদ্দেশ্য স্মার্ট চরের মাধ্যমে মানুষের জীবনযাত্রার উন্নয়ন করা। এরই ধারাবাহিকতায় এখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এ ছাড়া কালীর আলগার চরের মানুষ যেন বন্যায় কষ্ট না পায় সে লক্ষ্যে বাড়ি ভিটে উচুঁকরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্যার সময় এই চরে কেউ মারা গেলে দাফন করা যেত না। মরদেহ নিয়ে যেতে হত নৌকাযোগে যাত্রাপুরে। এমন মানবিক কষ্ট লাঘবে আমরা এখানে একটি উঁচু স্থানে কবরস্থান করেছি।
অনুষ্ঠানে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়নে চরাঞ্চলের মানুষের সুখ-দুঃখের কথা শুনে তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়। স্কুলটির উদ্বোধন শেষে ফুটবল, মোরগ লড়াই ও দড়ি লাফ খেলার আয়োজন ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
কর্মী না পাঠানোর দায় উভয় সরকারের : বায়রা
মমতা-অভিষেক জুটিতেই বাংলায় সবুজ ঝড়
ঢাবির পরীক্ষায় এমপি আনার ও বেনজীর নিয়ে প্রশ্ন