গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে আলামিন হোসাইন (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কামরুল হাসান নামে আরও এক নেতা আহত হয়েছেন। তারা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় কলেজের পাশে এ ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের ছেলে (২০)।
শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জাতির বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিদায় অনুষ্ঠান ছিল গতকাল বুধবার। দ্বিতীয় বর্ষের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান গ্রুপ ও কলেজের দ্বাদশ শ্রেণি কমিটির ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন গ্রুপের মধ্যে মারামারি হয়। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি সমাধানের জন্য দুই গ্রুপ কলেজ হাজির হয়। এ সময় ইমন খানের নেতৃত্বে ৩০-৪০ জন ছাত্রলীগের কর্মীরা বৃহস্পতিবার দুপুরে মোকদম প্লাজার সামনে আলামিন হোসাইন ও কামরুলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম ও ওসি (তদন্ত) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর সুফিয়া বেগম জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিদায় অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু র্যাগ-ডে পালনের অনুমতি দেওয়া হয়নি। সেই অনুষ্ঠানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে একটি পক্ষ হামলা চালিয়ে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে। অপর এক ছাত্রকে আহত করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের এইএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের সিনিয়র ও কলেজের শিক্ষকরা বিষয়টি মীমাংসা করার কথা ছিল। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসে চালু হলো ৩ ডিজিটের হটলাইন নম্বর
ঈদে শাকিবকে টেক্কা দেবেন বুবলী
শুক্র নয়, শনিবার ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী