সিটি ব্যাংক, গুলশান সোসাইটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজউকের যৌথ উদ্যোগে গুলশান-বাড্ডা লিংক রোডে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৫ জুন) এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে সিটি ব্যাংক এই আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার উপস্থিত ছিলেন।
গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহ কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন, রাজউকের মেম্বার সামসুদ্দীন আহমেদ চৌধুরী এবং গুলশান সোসাইটির সদস্যগণ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিটি ব্যাংক বিগত কয়েক বছর ধরে সামাজিক দায়বদ্ধতার অংশহিসেবে পরিবেশ বিষয়ক নানা পদক্ষেপ নিয়ে আসছে। ব্যাংক মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ও ফেনী ইকোনমিক জোনসহ দেশের বিভিন্ন স্কুলে ইতিমধ্যে লক্ষাধিক বৃক্ষরোপণ করেছে। গত কয়েক বছরের মতো এ বছরও সিটি ব্যাংকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।
সিটি ব্যাংক গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩ এ চালু করে গ্রীন সেভিংস অ্যাকাউন্ট। প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি গ্রীন সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে এ বছর একটি করে গাছ রোপণ করবে এই ব্যাংক। কয়েকজন অ্যাকাউন্ট হোল্ডার নিজেরা প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে তাদের গাছ রোপণ করেন। এছাড়া গুলশান সোসাইটির সাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ব্যাংকটি আজ থেকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ৫০০০ গাছ লাগানোর কাজ শুরু করেছে।
টেকসই পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সিটি ব্যাংক এ বছর গুলশানের আশেপাশের জলাশয়গুলোকে তাদের পূর্বের দূষণমুক্ত অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং পুনরুদ্ধারে গুলশান সোসাইটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, রাজউকের সাথে কাজ শুরু করেছে।
