‘তুফান’ গানের গীতিকার কে এই তাহসান শুভ

আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:০১ পিএম

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। বুধবার (০৫ জুন) সিনেমাটির টাইটেল ট্র্যাক রিলিজ হয়। দুই মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি লিখেছেন তাহসান শুভ। সুর, সংগীতায়োজন ও প্রোগ্রামিং করেছেন নাভেদ পারভেজ। গেয়েছেন আরিফ রহমান জয় ও রাপাস্তা দাদু।

গানটি কীভাবে লেখা হলো জানতে চাইলে তাহসান শুভ বলেন,  ‘তুফানের গল্প পড়েছি। যখন জানলাম শাকিব খান থাকবে একটা বাড়তি চাপ কাজ করল। শাকিব খানকে ছোটবেলা থেকে সিনেমায় দেখছি। তাকে কীভাবে রিপ্রেজেন্ট করলে দর্শক কানেক্ট করতে পারবে এটা খুবই ক্রিটিক্যাল ডিসিশন ছিল। আমাকে শাকিব খানের গত ১৫ বছরের সব সিনেমার গানে কি আছে, কি নেই বের করতে হয়েছে।’

শাকিবিয়ানদের কথা ভেবেই তুফানের টাইটেল ট্র্যাক লেখা উল্লেখ করে গান লেখার শুরুর দিকের কথা জানান এই গীতিকার। বলেন, ‘২০১২ সালে যখন তুরস্কে স্কলারশিপ নিয়ে পড়তে আসি তখন সাউন্ড ক্লাউড, এফএম রেডিওর যুগ ছিল। একটা গান মানুষের কাছে পৌঁছে দেওয়া ছিল অনেক পরিশ্রমের কাজ। পড়াশোনার পাশাপাশি লেখার সুযোগ খুঁজতাম। তখন নাভেদ পারভেজের সাথে পরিচয়।’

তাহসান শুভ বলেন, ‘একদিন হঠাৎ রাত দেড়টার সময় ঘুম ভাঙিয়ে তিনি (নাভেদ পারভেজ) আমাকে বললেন, ‘মুসাফির’ নামের একটা সিনেমা আছে। চার লাইন লিখে দাও টাইটেলের জন্য। এক-দেড় ঘণ্টার মধ্যে লিখে দিলাম। পরের সিনেমার জন্য অপেক্ষা করতে হয়েছে চার বছর। এভাবে মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’-এ ‘বন্ধু আমার’, রায়হান রাফীর ‘পরাণ’-এর টাইটেলসহ বেশ কিছু গান লিখেছি।’

‘ক্যাশ’ সিনেমার টাইটেল ট্র্যাক, ‘এনকাউন্টার’এর ‘আবদারে মন’সহ বেশ কিছু গান লিখেছেন তাহসান শুভ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার লেখা আরও বেশ কিছু গান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত