আফগান বোলিংকে হুমকি মানছেন উইলিয়ামসন

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৪:৫৭ পিএম

বিশ্বকাপের দামামা বেজে গেছে। তবে এখনো মাঠের খেলার স্বাদ চেখে দেখতে পারেনি নিউজিল্যান্ড। তাসমান সাগরপাড়ের দেশটি তাদের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে গায়ানায় মাঠে নামবে শনিবার ভোরে। টি-টোয়েন্টি ফরম্যাটের দাপুটে দল আফগানিস্তানের বিপক্ষে। রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকিদের নিয়ে গড়া আফগান বোলিং লাইনআপকে সমীহ করছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে উইলিয়ামসন বলেছেন, ‘অবশ্যই (সতর্ক থাকার মতো) তাদের দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছে। সত্যি বলতে, সব খেলোয়াড়ই। এমনই দক্ষ একটা দল তারা। আমি মনে করি, এই প্রতিযোগিতায় সেরা বোলিং আক্রমণগুলোর একটি তাদের।’

প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানকে পাওয়া কিছুটা শঙ্কার বিষয় হতে পারে নিউজিল্যান্ডের জন্য। পাকিস্তানের বিপক্ষে গত এপ্রিলে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দলটি। এবার অংশ নেয়নি কোনো ওয়ার্ম আপ ম্যাচেও। এ ব্যাপারে কেন বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আফগান খেলোয়াড়দের সংখ্যা, সম্পৃক্ততা আমরা দেখেছি। এবং তারা আরও ভালো হয়ে উঠছে। তারা ক্রমশ শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে। আমরা গত বিশ্বকাপে দেখেছি ওয়ানডে সংস্করণেও তারা কতটা শক্তিশালী। সুতরাং, তারা সত্যিই অত্যন্ত দক্ষ একটি দল এবং তাদের বেশ কয়েকজন হুমকি।’

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কেন উইলিয়ামসন

আফগানিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে গত মঙ্গলবার। নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ খেলতে আসা উগান্ডাকে খুব সুখকর স্মৃতি উপহার দেয়নি তারা। হারিয়েছে ১২৫ রানের বিশাল ব্যবধানে। নিজেদের প্রস্তুতি নিয়ে কেন বলেন, ’১০ দিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা নিজেদের প্রস্তুত করেছি। আমাদের এবারের যাত্রা শুরু করার ব্যাপারে আমি খুবই উত্তেজিত।’

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের আবহাওয়া পূর্বাভাস হতে পারে কিউইদের জন্য দুশ্চিন্তার খবর। কেননা রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আসরের প্রথম ম্যাচে ধীরগতিতে শুরু করলেও তাই হিতে বিপরীত হতে পারে কিউইদের জন্য। রাচিন রবীন্দ্র-গ্লেন ফিলিপসের জন্য নিজেদের প্রমাণের আসর এবার। সেই সঙ্গে স্বভাবজাত খেলাটা খেলতে পারলে আফগানদের বিপক্ষে কিউইরাই থাকবে ফেভারিটের তকমায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত