রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাউসারের গুলিতে আরেক পুলিশ সদস্য মনিরুল নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালকও।
কাউসার নামের পুলিশ কনস্টেবলকে হেফাজতে নিয়েছে গুলশান থানা-পুলিশ।
শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে এই গুলির ঘটনা ঘটে বলে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত পুলিশ সদস্যকে ৫–৬ রাউন্ড গুলি করা হয়েছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ কিছুক্ষণ আগে ফিলিস্তিন দূতাবাসের পাশ থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে, ওই পুলিশ সদস্য কেন কী কারণে তার সহকর্মীকে গুলি করেছেন সেটা জানা যায়নি।
ডিএমপি সূত্রে জানা যায়, এ সময় আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া জাপান দূতাবাসের একজন গাড়িচালক (সিভিল স্টাফ) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উদ্ধতন কর্মকর্তাসহ ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ, সোয়াটের সদস্য এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
রাজধানীর সবচেয়ে সুরক্ষিত ডিপ্লোম্যাটিক জোনে এ ঘটনা ঘটায় এলাকাটিতে নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
