ভারত-পাকিস্তান ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের পিচ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠের ড্রপইন পিচে দেখা মিলেছে বেশ কয়েকটি লো স্কোরিং ম্যাচের। আয়ারল্যান্ড ম্যাচের পরই পিচের সমালোচনা করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও রোহিত বললেন, পিচ তিনি এখনও বুঝে উঠতে পারেননি! এমনকী কিউরেটরও বুঝতে পারছেন না!
রোহিত বলেন, 'নিউ ইয়র্ক আমাদের ঘরের মাঠ নয়। আমরা দুটি ম্যাচ খেলেছি (প্রস্তুতি ম্যাচসহ) এখানে। তাই পিচ কেমন হবে, তা বলা মুশকিল। এক-এক দিন পিচ এক এক রকম আচরণ করছে। এমনকী কিউরেটর নিজেও ধোঁয়াশায় আছেন। পকিস্তানের বিপক্ষে কোন পিচে খেলা হবে সেটাও জানি না। তাই আমি করি যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে।'
শুধু যে পিচই সমস্যা তা নয়, আউটফিল্ডও স্লো। রোহিত বলেন, 'আউটফিল্ড বেশ মন্থর। কোনও বল প্রচুর বাউন্স পাচ্ছে আউটফিল্ডে। কোনওটা আবার গড়িয়ে থেমে যাচ্ছে।'
বিশ্বকাপে দুই ফরম্যাট মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৪-১ এগিয়ে ভারত। কিন্তু ভারত অধিনায়ক সেগুলো আমলে নিতে চান না। 'আমি ইতিহাস দেখি না। আর টি-টোয়েন্টিতে যে কোন কিছু হতে পারে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ হেরে পাকিস্তান শেষ পর্যন্ত ফাইনাল খেলেছিল।'
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল ভারত। বিরাট কোহলি ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছিলেন। তবে এবার ম্যাচ জয়ের জন্য রোহিত একক কোন খেলোয়াড়ের উপর নির্ভর করতে চান না।
রোহিত বলেন, 'আমি এক বা দুই জনের উপর নির্ভর করতে চাই না ম্যাচ জেতার জন্য। এগারো জন্যেরই অবদান রাখতে হবে। হ্যা, অবশ্যই কয়েকজন খেলোয়াড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিরাট প্রথম ম্যাচে রান না পেলেও তার অভিজ্ঞতা আছে।'
