লোকসভা নির্বাচনের আগে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় বের হয়েছিলেন রাহুল গান্ধী। দেশের বিভিন্ন প্রান্তে কখনও পায়ে হেঁটে, কখনও বাসে চেপে ঘুরেছিলেন। নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর এবার নতুন ‘যাত্রা’র কথা ঘোষণা করল কংগ্রেস। উত্তরপ্রদেশে ‘ধন্যবাদ যাত্রা’য় হাঁটবেন রাহুলসহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। উত্তরপ্রদেশে ভোটের ফলাফল দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১১ থেকে ১৫ জুন উত্তরপ্রদেশে ‘ধন্যবাদ যাত্রা’র আয়োজন করেছে কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি কর্মী এবং সমর্থকরাও এই কর্মসূচিতে পা মেলাবেন। উত্তরপ্রদেশে মোট ৪০৩টি বিধানসভা আসন রয়েছে। প্রতিটি বিধানসভায় যাবে এই ‘যাত্রা’। মূলত, উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানাতেই এমন কর্মসূচি বলে জানিয়েছে কংগ্রেস।
কংগ্রেস জানিয়েছে, উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ঘুরবেন তাদের নেতৃত্ব। বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে ভারতের সংবিধানের একটি করে প্রতিলিপি।
এ বারের লোকসভা নির্বাচনে বিজেপিকে ধাক্কা দিয়েছে উত্তরপ্রদেশ। যেখানে ভোটের আগে ঘটা করে রামমন্দির উদ্বোধন করা হয়েছিল, যে রাজ্য বিজেপির শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত, সেখানে ৮০টির মধ্যে বিজেপি মাত্র ৩৩টি আসনে জয় পেয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ৪৩টি আসন। তার মধ্যে কংগ্রেসের ছ’টি এবং তাদের জোট শরিক সমাজবাদী পার্টির ৩৭টি আসন রয়েছে।
টয়লেটে বসে ভুলক্রমে অনলাইন বৈঠকে সাবেক মেয়র!
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ৬ প্রার্থী চূড়ান্ত, নেই আহমাদিনেজাদ