সুপ্রিম কোর্ট বারে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা 

আপডেট : ১১ জুন ২০২৪, ০৮:৫৬ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে তিন ব্যক্তিকে আটকের ঘটনা ঘটেছে। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তাদের সুপ্রিম কোর্টে অবাঞ্চিত ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সমিতি সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার দুপুরে সমিতির ভবনে এ ঘটনা ঘটে। সাংবাদিক নামধারী আটক তিনজনের মধ্যে লিয়াকত আলী নামে একজন নিজেকে দৈনিক ‘আমার সংগ্রাম’ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং মিজানুর রহমান মিজান নামে একজন নিজেকে ‘দৈনিক দেশজগত’ পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে তাদের সঙ্গে থাকা সাংবাদিক পরিচয় দেওয়া ৩০ বছর বয়সী এক নারীর নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব না হয়নি। তিনি নিজেকে ‘বিজয় ৭১ বাংলা’ নামে একটি ফেইজবুক পেজের এডমিন বলে পরিচয় দেন।

ঘটনার বিবরণ দিয়ে সুপ্রিম কোর্ট বারের সুপারিনটেন্ডেন্ট মো. রবিউল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, দুপুর দেড়টার দিকে অন্তত ৫/৬ জন সাংবাদিক নামধারী ব্যক্তি সমিতির ট্রেজারের কক্ষে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দেন। এমনকি তারা সাংবাদিক নেতা হিসেবেও নিজেদের জাহির করতে চেষ্টা করেন। আইনজীবীরা তাদের পরিচয়পত্র দেখতে চাইলে উল্টো তারা আইনজীবীদের পরিচয়পত্র দেখতে চান। তারা সুপ্রিম কোর্টে সাংবাদিকতা করেন বলে জানান। এক পর্যায়ে তারা সুপ্রিম কোর্ট বারের বিভিন্ন অনুষ্ঠান কাভারেজের কথা বলে চাদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাদের চারজনকে সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এক নারীকে রেখে অপর তিনজন কৌশলে পালিয়ে যান। পরে ওই নারীর মাধ্যমে এদের দুজনকে ডেকে আনা হয়।

সুপ্রিম কোর্ট বারের সহসম্পাদক ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব দেশ রূপান্তরকে বলেন, ‘অনুষ্ঠান কাভারেজ ও পত্রিকায় ছবি দেওয়ার কথা বলে কয়েকজন সাংবাদিক নামধারী ব্যাক্তি বকশিশ চাইতে আসেন। আমি তাদের পরিচয় জানতে আইডি কার্ড দেখাতে বলি। কিন্তু তারা উল্টো আমার পরিচয়পত্র দেখতে চায়।  তারা যে গণমাধ্যমের পরিচয় দেন সেগুলোর নাম আমরা কখনো শুনিনি।  একপর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এসব ভুয়া সাংবাদিকদের বিষয়ে বারের পক্ষে নোটিশ দেওয়া হবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত