ইংল্যান্ডকে বিদায় করতে স্কটল্যান্ডের সঙ্গে 'কৌশলী' হবে অস্ট্রেলিয়া

আপডেট : ১২ জুন ২০২৪, ০৭:৫৬ পিএম

ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে যখন বিদায়ের অপেক্ষায় ইংল্যান্ড, তখন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স সংবাদ সম্মেলনে ওঠা প্রশ্নের জবাবে রহস্যের হাসি হেসে তাদের অবস্থান জানান দিয়েছিলেন। ঠিক একই পরিস্থিতি দেখা গেল চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে স্কটল্যান্ডের কাছে পয়েন্ট হারানোর পর অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ম্যাচে হেরে ইংল্যান্ড এখন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়। পরের দুই ম্যাচ জিতে ৫ পয়েন্ট পেলেও সমান পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড শেষ আটে উঠে যেতে পারে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ড হারলেও, নেটরানরেট খুব খারাপ না হলে স্কটিশরা এগিয়ে থাকবে ইংল্যান্ডের। আর নেট রানরেটে স্কটিশদের সহায়তা করতে পারে অস্ট্রেলিয়া। অজি পেসার জশ হ্যাজলউডও স্বীকার করেছেন, এমন অবস্থায় থাকলে 'বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে ছিটকে দেওয়ায় জন্য' তা তারা করবে। 

নামিবিয়াকে হারানোর পর সংবাদ সম্মেলনে অজি গতিতারকা বলেন, ‘এই টুর্নামেন্টে খেলতে আসা ফেবারিট দলগুলোর মধ্যে একটি ইংল্যান্ড, যাদের বিপক্ষে আমরা টি-টোয়েন্টিতে অনেক লড়াই করেছি। যদিও হয়তো এবার ইংল্যান্ডের বিপক্ষে সেই বাধা অতিক্রম করেছি আমরা। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় আগ্রহ তাদেরকে বিশ্বকাপ থেকে বিদায় করার দিকে, যেমন আগ্রহ অন্য সবারও থাকার কথা। এমনটা (ইংলিশদের বিদায়) দেখা সবচেয়ে মজার হবে। তবে আমরা দল হিসেবে কখনও এমন অবস্থানে ছিলাম না, এ নিয়ে আমাদের মাঝে আলোচনা হোক বা না হোক; মানুষ এভাবেই পরিস্থিতিটা তৈরি করেছে।’

এর আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে। সে সময় ওয়েস্ট ইন্ডিজকে কিছু বাড়তি পয়েন্ট (রানরেট) দেওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়া ধীরগতির ব্যাটিং করেছিল। যাতে করে ক্যারিবীয়রাই সুপার সিক্স রাউন্ড খেলতে পারে। এবারও তেমন কিছু করারই ইঙ্গিত দিলেন হ্যাজলউড, ‘যখন আপনি লক্ষ্যের (জয়) কাছাকাছি যাবেন এবং আপনি এর কাছাকাছি থেকে খেলাটা চালিয়ে যাবেন', বলে হ্যাজেলউড খেলার উপায়টা বলে দেন, 'এখানে কিছু পথ খোলা আছে, বড় ব্যবধানে জিতে আত্মবিশ্বাস অর্জন করা, আমার মতে কাউকে ছিটকে দেওয়ার চেয়ে এটাই বেশি গুরুত্বপূর্ণ। তাদের (ইংল্যান্ড) নিজেদেরও অনেক কাজ করার বাকি আছে, তাই আমি মনে করি আমরা এই ধরণের জিনিসগুলির কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে এটি আরও পরিষ্কার হয়ে উঠবে।'

অস্ট্রেলিয়ার শেষ গ্রুপ ম্যাচ ১৬ জুন স্কটল্যান্ডের সঙ্গে। তার আগে ইংল্যান্ড বড় জয়ের লক্ষ্যে বাকি ওমান ও নামিবিয়ার সঙ্গে খেলবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত