ডমিঙ্গো ও কুকের টোটকায় বাংলাদেশকে হারাতে চায় ডাচরা

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৫:৩৬ পিএম

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সুপার এইটে ওঠার অপেক্ষা বাড়িয়েছে বাংলাদেশ। আজ রাতে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। কাগজে-কলমে বাংলাদেশ এগিয়ে থাকলেও ডাচদের হারানো সহজ হবে না। কারণ গত বছর ওয়ানডে বিশ্বকাপে কমলাদের কাছে হেরে গিয়েছিল সাকিব আল হাসানের দল। ৮ মাস পর এবার সংস্করণ ভিন্ন হলেও প্রতিশোধের সুযোগ নাজমুল হোসেন শান্তদের সামনে। কিন্তু এবারও যে ছেড়ে কথা বলবে না টিউলিপের দেশটি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জয়কে বৃহস্পতিবারের ম্যাচের অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে দলটি। এমনটাই জানিয়েছেন, নেদারল্যান্ডসের অলরাউন্ডার লোগান ফন বিক। নেদারল্যান্ডসও অবশ্য বাংলাদেশকে হারিয়ে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তা ছাড়া এই ম্যাচে টাইগারদের হারিয়ে দিলে তাদেরও সুপার এইটের পথ খোলা থাকবে।

ফন ভিক বলেন, ‘গত বিশ্বকাপে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম, সেখান থেকে আমরা আত্মবিশ্বাস নিয়েছি। আশা করছি ওই আত্মবিশ্বাসটা আমাদের কাল কাজে দেবে। আমরা জানি নিজেদের সেরা দিনে আমরা বাংলাদেশকে হারাতে পারি। আমরা এরকম মাইন্ডসেট নিয়ে খেলতে নামব।’

নেদারল্যান্ডসকে হারানোর কাজটা একেবারেই সহজ হবে না বাংলাদেশ। কারণ দলটির প্রধান কোচ হিসেবে আছেন রায়ান কুক। আর এই কুক খুব ভালোভাবেই চেনেন বাংলাদেশকে। কারণ ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাই সাকিব, শান্ত বা লিটনদের ভাবনা কেমন তা খুব ভালোভাবেই জানেন তিনি। আবার মোস্তাফিজ, তাসকিনদের বোলিং ভাবনা কেমন তাও জানেন তিনি। তাই নিজের শিষ্যদের হয়তো বাংলাদেশকে নিয়ে ভালোভাবেই পড়াশনা করিয়েই মাঠে নামাবেন কুক।

তা ছাড়া বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও কাজ করেছেন দলটির সঙ্গে। এই দুই কোচের টোটকা থেকেই বাংলাদেশ হারানোর মন্ত্র খুঁজছে নেদারল্যান্ডস। ফন ভিক আরও বলেন, ‘আমার মনে হয় এটা (রায়ান কুক ও রাসেল ডমিঙ্গো) আমাদের জন্য বাড়তি একটা সুবিধা। রাসেল এবং রায়ান খেলোয়াড়দের খুব ভালো করে চেনে।’

তিনি যোগ করেন, ‘তারা অনেকদিন তাদের কোচিং করিয়েছে। ব্যাক পকেটে বাড়তি সুবিধা হিসেবে আমরা এটা পাচ্ছি। যতটা সম্ভব আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবো। তারা হয়ত আমাদের কিছু সিক্রেট প্ল্যান দিতে পারে যা তাদের জন্য অপ্রত্যাশিত হবে। আমরা খুবই আত্মবিশ্বাসী কারণ তারা খেলোয়াড়দের খুব ভালো করে চেনে।’

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে কে ফেভারিট, এই প্রশ্নের উত্তরে ফন ভিক বলেন, ‘আমি যেহেতু এখানে বসে তাই ডাচরা ফেবারিট। আমরা ডাচরা খেলোয়াড়রা আসলে এমনই। কয়েক বছরে বেশ ভালো কিছু জয় আছে আবার কিছু বাজে হারও আছে। সবশেষ কয়েক বছরের হিসেবে দল হিসেবে আমরা কোন পর্যায়ে আছি সেটার পরীক্ষা হবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। যার মধ্যে ৩বার জিতেছে বাংলাদেশ, একবার জিতেছে ডাচরা। এবার নিজেদের চতুর্থ জয়ের মিশনে ১৩জুন মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, সেই সঙ্গে সুপার এইটের পথ খোলা রাখতে জয়ের বিকল্প নেই লাল-সবুজদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত