বিশ্বকাপ শেষ, এখন কি হবে নাসাউয়ের ড্রপ-ইন উইকেটের!

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৭:৩১ পিএম

যুক্তরাষ্ট্রে ক্রিকেট এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি। তাই শহরটিতে ছিল না কোনো স্টেডিয়ামও। ইস্ট মিডো অঞ্চলে আইজেনহাওয়ার পার্কের অংশ হয়েছিল নাসাউ কাউন্টি স্টেডিয়াম। যেখানে আবার ব্যবহার করা হয়েছিল ড্রপ-ইন উইকেট। দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে এই উইকেট ফ্লোরিডায় তৈরি করা হয়। তারপর বসানো হয়েছিল তা নাসাউ স্টেডিয়ামে।

তবে বুধবার রাতে যুক্তরাষ্ট্র-ভারত ম্যাচ দিয়েই শেষ হয়েছে নিউইয়র্ক পর্বের খেলা। ম্যাচ শেষেই শুরু হয়েছে ভেঙে ফেলার কার্যক্রম। তাই প্রশ্ন উঠছে মাঠের ড্রপ–ইন উইকেটের কী হবে?

সে ব্যাপারে এখনো কেউ জানাতে পারেননি। আইসিসির মতে, উইকেটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নাসাউ কাউন্টি স্টেডিয়াম কর্তৃপক্ষ। আইসিসির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘তারা চাইলে এটি (উইকেট) নিজেদের তত্ত্বাবধানে রেখে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করতে পারে।’

যেভাবে বসানো হয়েছিল উইকেট।

কিন্তু স্টেডিয়াম কর্তৃপক্ষ রাজি না হলে ড্রপ–ইন উইকেট অন্যত্র স্থানান্তর করবে আইসিসি। লো স্কোরিং ম্যাচের জন্য গত কয়েক দিনে এই উইকেট নিয়ে প্রচুর আলোচনা–সমালোচনা হয়েছে। তবে স্টেডিয়ামের আউটফিল্ড যেখানে–যেভাবে ছিল, সেখানে–সেভাবেই থাকবে।

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) কিছু ম্যাচ এই স্টেডিয়ামে আয়োজন করা হবে বলে এর আগে শোনা গিয়েছিল। কিন্তু এমএলসি কর্তৃপক্ষ এবং ফ্র্যাঞ্চাইজিগুলো সেখানে খেলতে তেমন আগ্রহ দেখায়নি।

ক্রিকবাজ জানিয়েছে, আলাদা করে শুধু ক্রিকেটের জন্য একটি স্টেডিয়ামই হয়তো ভবিষ্যতে বানানো হবে। তবে সেটি নাসাউ কাউন্টি এলাকায় নয়। এমএলসির দল এমআই নিউইয়র্ক সেখানকার প্রতিনিধিত্ব করে। এই ফ্র্যাঞ্চাইজির মালিক ভারতের ধনকুবের আম্বানি পরিবার ভবিষ্যতে নিউইয়র্কে ক্রিকেট স্টেডিয়াম বানাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত