গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মোশারেফ হোসেন মৃধা (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, মোটরসাইকেলে করে নড়াইলের লোহাগড়া থেকে গাজীপুরে যাচ্ছিলেন মোশারফ হোসেন মৃধা। এ সময় মোটরসাইকেলটি কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় পৌঁছলে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটলে মহাসড়কের ওপর ছিটকে পড়লে দ্রুতগামী একটি বাস চাপা দেয়।
তিনি বলেন, মারাত্মক আহত হলে এলাকাবাসী উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেন মৃধাকে মৃত ঘোষণা করেন। নিহত মোশারফ হোসেন মৃধা নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাবুল মৃধার ছেলে।
