প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল নিতে আসা দুস্থ এক নারীকে মারতে তেড়ে গেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু। গতকাল বৃহস্পতিবার দুপুরে পোরজনা ইউনিয়নের বাচড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় দিনের চাল বিতরণের সময় উপস্থিত সাংবাদিকদের সামনেই এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছবি রানী সরকার পোরজনা গ্রামের রমানাথ সরকারের স্ত্রী। তিনি বলেন, ‘গত ঈদুল ফিতরে ভিজিএফের কার্ড বিতরণ করলেও শেষ পর্যন্ত চাল দেননি চেয়ারম্যান। আজকে চাল নিতে এসে আগের সেই চাল চাইলে চেয়ারম্যান আমাকে মারতে আসেন।’
চরপোরজনা গ্রামের আলেয়া খাতুন (৩৫), আমেনা খাতুন ও নন্দলালপুরের সাহিদা খাতুন অভিযোগ করেন, চেয়ারম্যান বাবু চাল বিতরণের সময় তাদেরসহ অনেককেই ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এ সময় একজন মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। লোকজন মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেন।
