ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া, ছাতা-রেইনকোট সঙ্গে রাখুন

আপডেট : ১৪ জুন ২০২৪, ১২:০৯ পিএম

আজ থেকে ঈদুল আজহা বা কোরবানির ঈদের ছুটি শুরু হয়েছে। অনেকেই স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে এরই মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আবার কেউ কেউ রওনার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু হঠাৎ থেমে থেমে বৃষ্টির বাগড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখি মানুষেরা। মহাসড়কে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে থেমে থেমে যানজট। 

আবহাওয়া অফিস বলছে, দেশের সবকটি বিভাগেই আজ দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ২০২ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারে ১০২, মাইজদীকোর্টে ৬৬, নিকলিতে ৬১, ব্রাহ্মণবাড়িয়ায় ৫০, ঢাকায় ৫৬, নেত্রকোনা ও ফেনীতে ৫৪, হবিগঞ্জ ও চাঁদপুরে ৪৮, রাজারহাটে ৪৫, গাজীপুরে ৪৪, টাঙ্গাইলে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ শুক্রবার (১৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আজ থেকে তিন দিন সারা দেশেই বৃষ্টি হতে পারে। পরবর্তী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন। ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিন দিয়ে ঢেকে বের হোন।

এদিকে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ রাজশাহী এবং পাবনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত