আইডি কার্ড প্রতি ৫০০ টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

আপডেট : ১৫ জুন ২০২৪, ১১:১৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে ভোটার আইডি প্রতি ৫০০ টাকা করে দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার বিরুদ্ধে। আজ শনিবার (১৫ জুন) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কয়েকটি এলাকায় আবুল বাশার বাদশার সমর্থকরা ভোটার আইডি কার্ড প্রতি টাকা প্রদান করে।

জানা গেছে, আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জগ প্রতীকে রফিকুল ইসলাম রফিক ও মোবাইল প্রতীকে দেওয়ান আবুল বাশার বাদশা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার রাতে দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকদের টাকা দিয়ে ভোট কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থক শামীম কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাটাবো বাড়ৈপাড় এলাকায় গিয়ে ভোটার আইডি দেখে প্রতিটি ভোটারদেরকে ৫০০ টাকা দিচ্ছেন। অপরদিকে, ২ নং ওয়ার্ডের বাদশার আরো দুই সমর্থক শহিদুল্লাহ ও মামুন ও তার সহযোগীরা ভোটার আইডি প্রতি ভোটারদের ৫০০ টাকা করে দিচ্ছেন। ভিডিও দুটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় সমালোচনা হচ্ছে।

এ ব্যাপারে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, আমার প্রতিদ্বন্দ্বিরা ভোটার আইডি কার্ড প্রতি ৫০০ টাকা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট কিনছেন। টাকা দিয়ে ভোট কেনা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। আমি নির্বাচনের প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

টাকা দিয়ে ভোট কেনার ব্যাপারে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, টাকা ও গরু দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে সুফি মিজান সাহেব সব সময় ঈদ আসলে মানুষকে টাকা দেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমার পক্ষে জোয়ার দেখে এরকম অপপ্রচার ছড়াচ্ছে।  

সহকারী প্রিজাইডিং অফিসার তাজাল্লী ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত