বাংলাদেশের ব্যাটসম্যানরা কখন জেগে উঠবেন, জানালেন শান্ত

আপডেট : ১৭ জুন ২০২৪, ০২:৫১ পিএম

নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। কিংস্টনে টাইগার ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। তবে অল্প পুঁজিকেও জয়ের জন্য যথেষ্ট বানালেন বোলাররা। ২১ রানের জয়ে ফিল্ডারদেরও রয়েছে অবদান।

তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কৃতিত্ব দিলেন সবাইকে। পাশাপাশি সুপার এইটে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাও জানাতে ভুললেন না। 

শান্ত সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন আমরা সুপার এইটে খেলব। সব ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমার মনে হয়, টি-টোয়েন্টিতে বড় দল বলে কিছু নেই। আশা করি, সুপার এইটে আমরা ভালো করতে পারব।’

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার এইটে ওঠার পেছনে বোলারদের অবদানই বেশি করে চোখে পড়ে। সংবাদ সম্মেলনে তাই জানতে চাওয়া হয়েছিল, বোলাররা এভাবে আর কত ম্যাচ জেতাবেন? ব্যাটসম্যানেরা কি জেগে উঠবেন না...?

শান্তর জবাব, ‘এটা তো আসলে সম্ভব না যে প্রতিদিনই বোলাররা জেতাবে। আমি আশা করব, প্রতিদিনই জেতাক। কিন্তু ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না, এটা সবাই চেষ্টা করছে বের করার। কিন্তু কোনোভাবেই হচ্ছে না এবং এটা গ্রহণযোগ্য নয়। সত্যি বলতে এই উইকেট ১৪০-১৫০ রান করার মতো হয়তো ছিল। কিন্তু সেটা আমরা করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য এটা চিন্তার একটা কারণ।’

অন্য এক প্রশ্নেও উঠেছে বাজে ব্যাটিংয়ের প্রসঙ্গ। অধিনায়ক হিসেবে সুপার এইটে এমন ব্যাটিং চিন্তার কারণ কি না—এই প্রশ্নের উত্তরে নাজমুল বলেছেন, ‘অবশ্যই চিন্তার কারণ। এভাবে ব্যাটিং করলে মনে হয় না সেটা দলের জন্য ভালো কোনো দিক। আমরা শুরুটাও পাচ্ছি না, শেষে ব্যাটসম্যানেরাও শেষ করতে পারছে না। তাই অবশ্যই চিন্তার কারণ। কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসতেই হবে এবং কীভাবে বের হতে হবে, সেটা নিয়ে অনেক পরিকল্পনা সব সময়ই হয়। কিন্তু এই ভুল বারবারই হচ্ছে। যেটা আমি বলতে পারি, পরের রাউন্ডে এই ভুলগুলো যত কম করা যায়।’

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ১০-১৫ ওভার হওয়ার পরই খেলোয়াড়েরা বুঝতে পেরেছিলেন আর্নস ভেল গ্রাউন্ডের উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন। নাজমুল এরপর বলেন, ‘প্রতিটি খেলোয়াড় বিশ্বাস করেছে এই রান ডিফেন্ড করা সম্ভব। সত্যি কথা। জিতে গেছি, সে জন্য বলছি না। বিরতির সময় খেলোয়াড়েরা আমরা যখন কথা বলেছি, সবার মধ্যে বিশ্বাস ছিল এই ম্যাচ আমরা জিততে পারি।’

সুপার এইটে বাংলাদেশের প্রথম খেলা আগামী ২১ জুন। সেদিন সকাল সাড়ে ৬টায় বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত