ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন কিমের, কৃতজ্ঞ পুতিন

  • ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধকে পুরোপুরি সমর্থন করে উত্তর কোরিয়া
  • বৈঠকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করেন পুতিন ও কিম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৩:১৯ পিএম

দীর্ঘ ২৪ বছর পর দুই দিনের সফরে উত্তর কোরিয়া অবস্থান করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানালেন, ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধকে পুরোপুরি সমর্থন করে তার দেশ।

বুধবার স্থানীয় সময় সকালে পিয়ংইয়ংয়ে পৌঁছানোর পর স্বাগত অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক আলোচনায় বসেন কিম ও পুতিন। এ সময় এসব কথা বলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ‘কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এবং এর আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে মস্কো। আর তাই বৈঠকে ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধে "পূর্ণ সমর্থন ও সংহতির" প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বৈঠকে দুই দেশের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করেন পুতিন ও কিম।

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থনের জন্য কিমকে ধন্যবাদ জানান পুতিন। এছাড়া দুই দেশ তাদের অংশীদারিত্ব বৃদ্ধির জন্য একটি চুক্তি স্বাক্ষর করবে বলেও জানান তিনি। তবে অস্ত্র হস্তান্তরের কথা অস্বীকার করলেও সামরিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়া।

এদিকে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, বৈঠকের শুরুতে রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ান নীতির প্রতি আপনার ধারাবাহিক ও অটল সমর্থনের প্রশংসা করি। এ সময় পুতিন কিমকে বলেন, দশকের পর দশক ধরে চাপিয়ে দেওয়া মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া।

এর আগে পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে স্বাগত অনুষ্ঠানে যোগ দেন পুতিন ও কিম। সেখানে নানা আয়োজনে পুতিনকে স্বাগত জানানো হয়।

২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ দুই দেশই পাশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছে।

এদিকে উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সফরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পশ্চিমাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত