যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিসহ একটি মার্কিন প্রতিনিধিদল তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে দেখা করতে ভারতের হিমাচল প্রদেশের ধরমশালায় পৌঁছেছেন। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে চীন।
যুক্তরাষ্ট্রের সাত সদস্যের এই প্রতিনিধি দলের সফর এমন একটা সময়ে হচ্ছে, যখন চীন-তিব্বত বিরোধ নিয়ে সম্প্রতি পাস হওয়া একটি বিল নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা হওয়ার কথা রয়েছে। চীনের সঙ্গে তিব্বতের বিবাদের ইতিহাস কয়েক শতকের পুরনো।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এটা সবাই জানে চতুর্দশ দালাই লামা পুরোপুরি ধর্মীয় ব্যক্তিত্ব নন, বরং ধর্মের নামে চীন-বিরোধী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়িত একজন নির্বাসিত রাজনৈতিক ব্যক্তিত্ব।
চীন-তিব্বত বিরোধ সমাধানের স্বপক্ষে মার্কিন কংগ্রেসে পাস হওয়া আইনটিকে যাতে প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন না করেন, সেই আহ্বানও জানিয়েছেন লিন। তিনি বলেন, এই বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করা যুক্তরাষ্ট্রের উচিত হবে না। চীন তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে।
দালাই লামার সঙ্গে দেখা করতে আসা মার্কিন প্রতিনিধিদল যে বিল নিয়ে আলোচনা করবেন, তার উদ্দেশ্য হচ্ছে তিব্বতের সঙ্গে যাতে তারা চলমান সব বিবাদ মিটিয়ে নেয়, তার জন্য চীনের ওপরে চাপ সৃষ্টি করা। ভারতে নির্বাসনে থাকা তিব্বতের পার্লামেন্টে মঙ্গলবার ভাষণ দেন ন্যান্সি পেলোসি। পার্লামেন্টের ভেতরে পেলোসির ভিডিও বেশ কয়েকটি নিউজ চ্যানেলে চালানো হলেও তিনি তার ভাষণে কী বলেছেন তা প্রকাশ করা হয়নি।
মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সম্প্রতি ‘তিব্বত-চীন বিরোধ নিষ্পত্তিকে উৎসাহ প্রদান’ আইন ৩৯১-২৬ ভোটে পাস করেছে। ইতিমধ্যেই মার্কিন সিনেটে তা পাস হয়ে গেছে। ওই বিল অনুযায়ী, তিব্বতের ইতিহাস, মানুষ ও প্রতিষ্ঠানগুলো সম্পর্কে চীনের 'মিথ্যা তথ্য'র মোকাবিলা করতে অর্থ সহায়তা করবে যুক্তরাষ্ট্র। তিব্বত তাদের অংশ বলে চীন যে দাবি করে, সেই ভাষ্যের পাল্টা জবাব দেওয়ার কথাও বলা হয়েছে এই বিলে।
দুর্ঘটনার জন্য মোদি না রেলমন্ত্রী কে দায়ী? প্রশ্ন কংগ্রেস সভাপতির