যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের মতো চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ ফর্মে আছে অস্ট্রেলিয়া। সুপার এইটে তাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। তার আগেই মিচেল মার্শরা দলের শক্তি বাড়িয়েছেন।
মূলত এই শক্তির মূল নিয়ামক মার্শ নিজেই। অজি অধিনায়ক সর্বশেষ আইপিএলের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। যার জন্য সতর্কতা হিসেবে ফ্র্যাঞ্চাইজি আসর তো ছাড়েনই, এমনকি জাতীয় দলে ফেরার পরও ছিলেন কেবল ব্যাটারের ভূমিকায়৷ এবার তিনি বোলিংয়ের জন্যও পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। যা বাংলাদেশ ম্যাচের আগে অজি বোলিংয়ে বাড়তি অপশন যোগ করল।
বোলিংয়ের জন্য পুরো প্রস্তুত বলে নিজেই জানিয়েছেন মার্শ।
তিনি বলেন, ‘এখন থেকে আমাকে বোলিংয়েও পুরোপুরি পাওয়া যাবে। যদিও আমাদের দলের যে শক্ত লাইনআপ আমার বল করার প্রয়োজন হয় না সেভাবে। তবে আমি মনে করি এই ফরম্যাটে বাড়তি অপশন থাকা জরুরি এবং আনন্দের বিষয় আমাদের হাতে এমন বিকল্প অনেক।’
তিনি যোগ করেন, ‘শারিরীকভাবে আমি ভালো বোধ করছি। মাঝেমধ্যে বোলিং থেকে বিরতিতে যাওয়া ভালো কিছু এবং এটি নিয়ে আমি প্রায়ই মজা করি। কিন্তু স্টয়েন (মার্কাস স্টয়নিস) ও আমি অলরাউন্ড পারফর্ম নিয়ে কথা বলি, আমরা এই ভূমিকায় ম্যাচ খেলতেও পছন্দ করি।'
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। মার্শ বোলিংয়ে ফিরলে হয়তো একাদশে পরিবর্তন আনবে অজিরা, তাতে অ্যাশটন আগার বাদ পড়বেন এবং ম্যাক্সওয়েল থাকবেন পার্টটাইম স্পিনারের ভূমিকায়। সঙ্গে উইকেটটেকার বোলার অ্যাডাম জাম্পা তো আছেন-ই। আবার আগের ম্যাচে বিশ্রামে থাকা প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ফিরলে একাদশ হবে আরও শক্তিশালী।
