‘যে মুখে মা ডাকি সেই মুখে কখনও মাদক গ্রহণ করব না’

আপডেট : ২০ জুন ২০২৪, ০৪:১১ পিএম

‘যে মুখে মা ডাকি সেই মুখে কখনও মাদক গ্রহণ করব না’ হাজারো তরুণদের এমন শপথ বাক্য পাঠ করান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বুধবার (১৯ জুন) পঞ্চগড়ের সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার ডিগ্রি কলেজ মাঠে হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশন আয়োজিত প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হাজারো তরুণদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।

এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। আর স্মার্ট সিটিজেন হবে মাদকমুক্ত। মাদককে দূরে সরিয়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় নিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের স্কুল-কলেজ-মাদরাসায় মানসম্মত লেখাপড়ার ব্যবস্থা করেছেন। শিক্ষার্থীদের হাতে হাতে উপবৃত্তি পৌঁছে দিচ্ছেন। ল্যাপটপ তুলে দিয়েছেন যেন আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। আমরা তরুণ প্রজন্ম সবাই এক দল করি না কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাই সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

পরে ছাত্রলীগের সভাপতি প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন। মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা ও তরুণ সাংবাদিক যাকারিয়া ইবনে ইউসুফ, হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তিসহ ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।

হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশন আয়োজিত প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি ৪-০ গোলে দিনাজপুর নওশিন প্রমিলা ফুটবল একাডেমিকে পরাজিত করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত